চবিতে ছাত্রলীগের দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষঃ আটক ৫২

0

চবি প্রতিনিধিঃ  পূর্ব বিরোধের জের ধরে গভীর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেপরোয়া ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিস্ফোরণ ঘটানো হয় ৬টি ককটেল। এতে অন্তত ২০ থেকে ৩০ জন আহত হয়েছে। পুলিশ অন্তত অর্ধ শতাধিক নেতাকর্মীকে আটক করেছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার (৪ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এফ রহমান হলে চবি ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও বিজয় গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলে রাত সাড়ে ৩টা পর্যন্ত।

ক্যাম্পাস সুত্রে জানাগেছে, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী বিজয় গ্রুপ ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারীদের সিক্সটি নাইন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর আগে বুধবার বিকেলেও ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

জানা যায়, পূর্বের ঘটনার রেশ ধরে মধ্যরাতে এফ রহমান হলে বিজয় গ্রুপের ওপর আক্রমণ চালায় মেয়র নাছিরের অনুসারী গ্রুপ। এ সময় হলে ব্যাপক ভাংচুর চালানো হয়। হলের জানালা-দরজায় ও বৈদ্যুতিক বাতি ভেঙে ফেলা হয়। একপর্যায়ে ৬টি ককটেলের বিস্ফোরণ ঘটে। পরে বিজয় গ্রুপকে হটিয়ে এফ রহমান হল দখলে নেয় নাছির গ্রুপ।

রাতে এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা চেষ্টা করছি। ঘটনাস্থলে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা রয়েছেন।

এ ঘটনায় ৫২জনকে আটক করা হয়েছে বলে হাটহাজারী থানা পুলিশ জানায়।

হাটহাজারী থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন- রাতে ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ ৫২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.