হাটহাজারীর ত্রাণ কেড়ে নেওয়া সেই আলোচিত চেয়ারম্যান বরখাস্ত
হাটহাজারী প্রতিনিধিঃ অবশেষে ত্রাণ দেওয়ার ছবি তোলার পর ত্রাণ কেড়ে নেওয়া সেই আলোচিত হাটহাজারীর মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আবছারকে বরখাস্ত করা হয়েছে।
আজ রবিবার (১২ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আবছার করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার কর্তৃক বরাদ্দকৃত ত্রাণ বিতরণে অনিয়মের মাধ্যমে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ৩৪/৪ (ঘ) ধারায় অপরাধ করায়- তার দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ সমীচীন নয় মনে করে সরকার।
বর্ণিত অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আবছারকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন- ২০০৯ এর ৩৪ (১) অনুযায়ী তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
চেয়ারম্যান মো. নুরুল আবছারকে কেনো চূড়ান্তভাবে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হবে না- তা জানতে চেয়ে কারণ দর্শানোর আলাদা নোটিশও জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
প্রসঙ্গত, গত ৬ এপ্রিল দুপুরে মির্জাপুর ইউনিয়ন পরিষদ ভবনে কর্মহীন দিনমজুরদের ত্রাণ বিতরণের পর ছবি তুলে তা কেড়ে নেওয়ার অভিযোগ উঠে চেয়ারম্যান মো. নুরুল আবছার ও তার লোকজনের বিরুদ্ধে। ত্রাণ নিতে আসা লোকজনকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।
