সিটি নিউজ ডেস্ক : জনস্বার্থ সংরক্ষণ পরিষদ চট্টগ্রাম এর আহ্বায়ক শিক্ষাবিদ,কলামিষ্ট অধ্যক্ষ ফজলুল হক,সদস্য সচিব ফরিদ মাহমুদ এক যুক্ত বিবৃতিতে অক্সিজেনের সুলভ মুল্য নিশ্চিত করে প্রতিটি বিক্রয় কেন্দ্রে নির্ধারিত মুল্যে তালিকা ঝুলানো বাধ্যতামূলক করার জন্যে জেলা প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন।গতকাল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার বিক্রয় কেন্দ্রে অভিযান পরিচালনার জন্যে জেলা প্রশাসন চট্টগ্রামকে ধন্যবাদ জানানো হয়।
প্রয়োজনে রেপিড একশ্যান ব্যাটালিয়নকে সম্পৃক্ত করে প্রতিটি স্থানে অভিযান চালিয়ে এ সংকটের দ্রুত সমাধানের উদাত্ত্ব আহবান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,অক্সিজেন মানুষের জীবন বাঁচিয়ে রাখে।করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সাধারণ ভাইরাস জ্বর হলে আতঙ্কগ্রস্ত হয়ে কিছু রোগী হার্ট এটার্ক করছে।
এ মুহূর্তে কোভিড-১৯ এবং মৌসুমী ভাইরাস জ্বরে আক্রান্ত অনেকেই শ্বাসকষ্টে ভোগেন।এজন্যে হাসপাতাল এবং বাসায় পোর্টেবল অক্সিজেন ব্যবহার করেন।
অতিরিক্ত চাহিদার কারণে বাজারে অক্সিজেন সংকট রয়েছে।এই সুযোগে কিছু ব্যবসায়ী ছয়-সাত হাজার টাকার পোর্টেবল অক্সিজেন চব্বিশ-পঁচিশ হাজার টাকায় বিক্রি করছে।দুইশত টাকার রিফিলের স্থলে ক্রেতাদের কাছ থেকে চারশত টাকা দাম নিচ্ছে।নেতৃবৃন্দ ব্যবসায়ীক মনোবৃত্তি পরিহার করে জাতীয় এ দুর্যোগের সময়ে সেবার মানসিকতা নিয়ে বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার জন্যে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।এবং অক্সিজেনের সরবরাহ নিরবিচ্ছিন ও সহজলভ্য করার উপর তাগিদ দেন।
