মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের মানববন্ধনে হামলা
সিটি নিউজঃ বাঁশখালীতে প্রয়াত মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী মৌলবী সৈয়দের বড়ভাই ডা. আশরাফ আলীকে রাষ্ট্রীয় সম্মান না জানানোর প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতাকর্মীসহ বেশ কয়েকজন সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আহত হয়েছেন।
আজ সোমবার (২৪ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
হামলায় আহতরা হলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, মৌলভী সৈয়দ আহমদের ভাতিজা জহির উদ্দিন বাবর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবু সাদাত মোহাম্মদ সায়েম, ছাত্রলীনেতা আরমান হোসেন জয় সরকার। এছাড়াও আহত হয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ কয়েকজন সাংবাদিক।
আয়োজকরা অভিযোগ করে বলেন, বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। মুক্তিযোদ্ধা ডা. আশরাফ আলীকে রাষ্ট্রীয় সম্মান না জানানোসহ নানা বিষয়ে মুক্তিযুদ্ধের সন্তান কমান্ড চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন আয়োজন করে। শান্তিপূর্ণ মানববন্ধন চলাকালে সাংসদ মোস্তাফিজুর রহমানের অনুসারী বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হকের নেতৃত্বে মানববন্ধনে হামলা চালান।
এদিকে হামলার তাৎক্ষণিক প্রতিবাদে মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সাহাব উদ্দীনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। এসময় বক্তব্য রাখেন যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, নুরুল আজিম রনিসহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ডের নেতাকর্মীরা।
সমাবেশে কমান্ডার সাহাব উদ্দীন সাংসদ মোস্তাফিজুর রহমানকে আওয়ামী লীগের সকল পদ ও সংসদ সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান।
