গার্মেন্টস কমী সোলায়মানের বিয়ে প্রতারণা

0

সিটি নিউজঃ পোশাক শ্রমিক সোলায়মান (২৯) বিভিন্ন বয়সের মেয়েদের ফাঁদে ফেলে ৯ বছরে ৯টি বিয়ে করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। সে  কখনো পুলিশ অফিসার, কখনো আর্মি অফিসার, আবার কখনো নেভি অফিসার হিসেবে নিজেকে পরিচয় দিতেন বলে অভিযোগ। বিভিন্ন অফিসারদের ছবিতে নিজের মুখের অবয়ব মোবাইল অ্যাপসের মাধ্যমে কাট পেস্ট করে প্রেমিকাদের কাছে পাঠাতেন। আর এতেই কুপোকাত হতেন প্রেমিকা এবং তাদের পরিবার। এমন সব প্রতারণার মাধ্যমে ৯টি বিয়ে করে স্ত্রীদের পরিবারের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন টাকা পয়সা সোনা দানা।

প্রতারক সোলায়মানের বাড়ি বরগুনা জেলায়। পেশায় একজন গার্মেন্টস শ্রমিক। ১৭ বছর বয়সে জীবিকার সন্ধানে বরগুনা থেকে আসেন চট্টগ্রামে। কাজ নেন আট হাজার টাকা বেতনে নগরীর একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে। পেশায় শ্রমিক হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম এর মাধ্যমে আর মোবাইল ফোনে অল্প বয়সি মেয়েদের সাথে কথা বলে তাদেরকে পটিয়ে ফেলতেন খুব সহজেই। তার টার্গেট ছিল গার্মেন্টসের নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মেয়েদের। বিয়ে করার পরে স্ত্রীর ভাই-বোনদেরকে চাকরি দেয়ার নাম করে হাতিয়ে নিয়েছেন বিপুল অর্থ হাতিয়ে নিতেন বলেও অভিযোগ রয়েছে। স্ত্রীদের মাধ্যমে এনজিও থেকে লোন নেয়ার পর ওই টাকা নিয়ে পালিয়ে গেছেন অন্যত্র। বেছে নিয়েছেন আরেকজনকে।

অষ্টম স্ত্রী রাহেলার কাছ থেকে তার ভাই ও বোনকে চাকরি দেয়ার নাম করে হাতিয়ে নিয়েছেন প্রায় আড়াই লাখ টাকা এবং তার নামে এনজিও থেকে ঋণ তুলে হাতিয়ে নিয়েছেন এক লাখ টাকা। ৯ নং স্ত্রী রহিমার কাছ থেকে যৌতুক নিয়েছেন ২ লাখ টাকা। এভাবে একটি নয়, দুটি নয় ২০ বছর থেকে ২৯ বছরের মধ্যে মাত্র ৯ বছরে ৯টি বিয়ে করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়েছে সোলায়মান। অবশেষে ধরা পড়েছে নগর গোয়েন্দা (বন্দর) পুলিশ ও পাহাড়তলী থানা পুলিশের যৌথ অভিযানে। এক স্ত্রীর দায়ের করা অভিযোগ তদন্তে গিয়ে তার এসব অপকর্ম জানতে পারে পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশ জানায়, বিয়ে পাগলা সোলায়মানের বিরুদ্ধে উঠতি বয়সি মেয়েদেরকে প্রতারণার ফাঁদে ফেলে বিয়ে করা ও অর্থ হাতিয়ে নেয়া সংক্রান্ত একটি অভিযোগ হাতে আসলে বিষয়টি নিয়ে অনুসন্ধান করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর)  গোপন সংবাদের ভিত্তিতে রাতে পাহাড়তলী থানা এলাকার একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় নবম স্ত্রী রহিমা আক্তারকে। এর আগে রাঙ্গামাটির ১৫ বছর বয়সী নবম স্ত্রী রহিমা আক্তারের মা বাদি হয়ে পাহাড়তলী থানায় একটি মামলা করেন।

মূলত প্রতারণা করে টাকা হাতিয়ে নিতেই সোলায়মান একটির পর একটি বিয়ে করে চলছিল। টার্গেট করতো নিম্নবিত্ত গার্মেন্টস শ্রমিকদের। অবশেষে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানালেন পুলিশ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.