আনোয়ারায় দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যাম উদ্ধোধন

0

আনোয়ারা প্রতিনিধিঃ কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভূ-উপরিস্থ পানি ব্যবহারের জন্য রাবার ড্যাম নির্মাণ প্রকল্পের আওতায় দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণ হয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ভরাশঙ্খ খালে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এ ড্যাম নির্মাণ করেছে। বাংলাদেশে ইতিপূর্বে নির্মিত রাবার ড্যামসমূহ সাধারণত সেচ কাজে ব্যবহৃত হয়ে আসছে।

আধুনিক প্রযুক্তির এ হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণের ফলে উজান থেকে শিকলবাহা খাল হয়ে আগত মিঠা পানি সংরক্ষন ও ভাটিতে সাগর থেকে শঙ্খ নদী হয়ে আগত লোনাপানির অনুপ্রবেশ প্রতিরোধ করে ফসল রক্ষা করা সম্ভব হবে।

এর কারনে আনোয়ারার বরুমচড়া, বারখাইন, হাইলদর, বটতলী ইউনিয়নের তিন হাজার হেক্টর জমির সেচ সুবিধা সম্প্রসারণ হয়েছে। এতে ১৩ হাজার মেট্রিক টন ধান বেশি উৎপাদন হবে।

আজ রবিবার (১১ অক্টোবর) কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক আজ কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালী এ হাইড্রোলিক এলিভেটর ড্যাম উদ্ধোধন করেন। এ সময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো নাছিরুজ্জামান, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুর রহমান পাটওয়ারী সেখানে উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক তার বক্তৃতায় বলেন, বাংলাদেশে ৬৭ টি রাবার ড্যাম রয়েছে। কৃষি প্রধান দেশ বাংলাদেশের কৃষিকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে সাগরের লোনা পানি প্রবেশ বন্ধ করতে আরো রাবার ড্যাম নির্মাণ করা হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় এসে সারের দাম কমিয়েছে। ৯০ টাকার সার ১৫ টাকায় কৃষককে দেওয়ার ব্যবস্থা করেছে। সে জন্য আজীবন খাদ্যে ঘাটতির দেশ খাদ্যে উদ্বৃত্তের দেশে উন্নীত হয়েছে। এখন কোন কোন বছর খাদ্য রপ্তানিও করা হচ্ছে ।

তিনি আরো বলেন, কৃষকের ধান কাটার সুবিধার জন্য সরকার কাটার কম্বাইন্ড মেশিন সরবরাহ করছে । ৭০ শতাংশ ভর্তুকি দিয়ে এ হার্ভেষ্টার দিচ্ছে শেখ হাসিনার সরকার।

ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে কৃষিতে বিপ্লব ঘটিয়েছে। এর সুবিধা দেশের মানুষ এখন পাচ্ছেন, ভবিষ্যতেও পাবেন। দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যাম উদ্ধোধন তাঁর নির্বাচনী এলাকায় নির্মিত হওয়ায় আনোয়ারা উপজেলাবাসীর পক্ষ থেকে সরকার ও কৃষিমন্ত্রীর প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

আনোয়ারা প্রান্তে কৃষি উন্নয়ন করপোরেশন এর মহাপরিচালক মো. সায়েদুল ইসলাম, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. জোবায়ের হোসেন, উপজেলা চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিএডিসি এর তত্ত্বাবধানে ২১ কোটি টাকা ব্যয়ে চীনের সরকারি প্রতিষ্ঠান বেইজি আইডব্লিউএইচআর করপোরেশন এ প্রকল্প বাস্তবায়ন করেছে। নির্মিত ড্যামটি ৩৮ মিটার দৈর্ঘ্য এবং উচ্চতা ৪ মিটার ।এতে হাইড্রোলিক ড্যামে ৫ টি হাইড্রোলিক জ্যাক সংযুক্ত রয়েছে এবং এ ড্যাম কম্পিউটারে নিয়ন্ত্রণ করা হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.