সিটি নিউজঃ অভিনব কায়দায় ইয়াবা পাচার করছিলেন তিন ষাটোর্ধ ব্যক্তি। ইয়াবা পাচারের জন্য প্লাস্টিকের ঝুঁড়ি, সাবান ও ছাতা ব্যবহার করেও ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ ধরা পড়লেন নগরীর কোতোয়ালী থানা পুলিশের হাতে। পুলিশ জানায় তারা চট্টগ্রাম থেকে এসব ইয়াবা নিয়ে যাচ্ছিলেন কিশোরগঞ্জ।
মঙ্গলবার রাতে নতুন স্টেশন রোড় থেকে সন্দেহ হলে দুজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যে খুলশী থেকে গ্রেফতার করা হয় আরও একজনকে।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ ছাইকুল ইসলাম (৬৫), পিতা-মৃত মোঃ কাইয়ুম, মাতা-মৃত মোসাম্মৎ বানেছা, সাং-পাটধা, নয়াপাড়া, ডাক-যশোদল, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ, মোঃ আইয়ুব (৫৬), পিতা-মৃত মোঃ জাকির, মাতা-মৃত মাবিয়া খাতুন, সাং-মধ্যম জালিয়াপাড়া, ৮নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, জাহাঙ্গীর আলম (৬১), পিতা-মৃত আলী মিয়া, মাতা-মৃত নুরজাহান, সাং-মাদার্শা, আলী মিয়ার বর বাড়ী, ডাক-সাতকানিয়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, প্লাস্টিকের ঝুড়ির তলায়, সাবানের ভেতর ও ছাতার হাতলের ভেতর দিয়ে বিশেষ কায়দায় ইয়াবা রেখে পাচারের উদ্দেশ্যে দাঁড়িয়েছিলেন মো. ছাইকুল ইসলাম ও মো. আয়ুব। তাদের গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাদের এবং তাদের সাথে থাকা প্লাস্টিকের ঝুঁড়ি, সাবান ও ছাতা তল্লাশি করেন। একপর্যায়ে প্লাস্টিকের ঝুঁড়ি, সাবান ও ছাতার হাতল থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করে তাদের দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে খুলশীতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকেও গ্রেফতার করা হয়। গ্রেফতার ৩ জন আসামিই পেশাদার ইয়াবা ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। সে সাথে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে বলে জানান কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন।
