চসিক নির্বাচনের প্রচারণা শুরু হচ্ছে ৮ জানুয়ারী থেকে
সিটি নিউজঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শুরু হবে ৮ জানুয়ারী থেকে। একজন সংরক্ষিত আসনের কাউন্সিলরসহ ৪ জন কাউন্সির মারা যাওয়ায় ওই চার ওয়ার্ডে নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। ওই চার ওয়ার্ডের প্রার্থীদের আগামী ৮ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে। সে অনুসারে প্রতীক বরাদ্ধের দিন থেকে প্রচার প্রচারণা শুরু হবে। তফসিল অনুযায়ী ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্টিত হবে চসিক নির্বাচন।
চটট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এলাকায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হবে আগামী ৮ জানুয়ারি থেকে। প্রচারণার আগে থেকে মেয়র প্রার্থীসহ সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরদের প্রচারপত্র-পোস্টার-ব্যানার-দেয়ালিকা-বিলবোর্ড-গেইটসহ সব নির্বাচনী প্রচার সামগ্রী স্ব-উদ্যোগে আগামী ৭২ ঘন্টার মধ্যে অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।
ওই চার ওয়ার্ডের প্রার্থীদের আগামী ৮ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে। ঐদিন থেকেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারবেন। নির্বাচনের তারিখ ঘোষণা ও নগরীর ৪ ওয়ার্ডে নতুন করে তফসিল ঘোষণার পর নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচার সামগ্রী প্রদর্শিত হওয়া মানে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে ঘোষিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ইতোমধ্যে এসব নির্বাচনী সামগ্রী অপসারণের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছেন চসিক নির্বাচনের রিটানিং অফিসার হাসানুজ্জামান।
