নগরীতে সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা আওয়ামী লীগের

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে সমগ্র জাতি যখন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একাত্ম ও আত্মনিবেদিত, ঠিক তখনি চিরচেনা ঘৃণিত ও বিবেক বুদ্ধিহীন মানবতা বিরোধী ঘাতকদের পরিকল্পিত নাশকতা ও নৈরাজ্য জানান দিচ্ছে এখন আর সময় ক্ষেপনের ফুসরত নেই এবং পাল্টা আঘাত হেনে জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিষবৃক্ষ উপড়ে ফেলতে হবে।

কারণ সুবর্ণজয়ন্তীর পবিত্র দিনে যারা নাশকতামূলক অপকর্ম করেছে তারা স্বাধীনতা মানে না এবং সাচ্চা দেশদ্রোহী। এদেশে বেঁচে থাকার অধিকার থাকবে না এবং এ মাটিতে তাদের কবরও হবে না।

আজ শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদকমন্ডলীর এক জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন পরিস্থিতি মোকাবেলায় এবং জনগণের জানমাল রক্ষায় যা কিছু করা প্রয়োজন তা নিয়ে মাঠে থাকবো এবং কোন দুষ্কর্মকে তিল পরিমাণ ছাড় দেয়া হবে না।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন স্বাধীনতা বিরোধী অপশক্তির রক্ষাকবচ হেফাজত ইসলামী ধর্মকে ডাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক ইস্যুহীন ও জনগণ প্রত্যাখ্যাত বিএনপি-জামাতের এজেন্ডা বাস্তবায়নের মাঠে নামতে চায়। তারা পবিত্র মসজিদে ঘাপটি মেরে বসে সেখান থেকে মারদাঙ্গা ও রক্তপাতের কলাকৌশল তৈরী করছে। যারা প্রকৃত মুসল্লি তাদের ধর্ম পালনে বাধা দিচ্ছে।

তিনি আরো বলেন পবিত্র ধর্মের নামে সকল স্বাধীনতা বিরোধী এখন এক ও অভিন্ন। তাদের লক্ষ্য একটাই উদীয়মান বাংলাদেশকে ডুবিয়ে দেয়া এবং শৃঙ্খলিত করা। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন পথেঘাটে বা প্রকাশ্যে কোন অরাজকতা দৃশ্যমান হলে তা প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশে থাকুন এবং নৈরাজ্যকারীদের দেখামাত্র ঘেরাও করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন।

সভায় সিদ্ধান্ত মতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আগামীকাল সকাল ৯টায় দারুল ফজল মার্কেট চত্বর, অক্সিজেন মোড় এবং বহদ্দারহাট মোড়ে নাশকতা ও নৈরাজ্য বিরোধী অবস্থান-সমাবেশ কর্মসূচি পালন করবে।

উল্লেখিত স্থানগুলোতে মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং সংশ্লিষ্ট ওয়ার্ডগুলো হতে মিছিল সহকারে সমাবেশগুলোতে সক্রিয়ভাবে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এড.ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, সম্পাদকমন্ডলীর সদস্য আলহাজ্ব আবদুচ ছালাম, নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, হাজী জহুর আহমদ, জালাল উদ্দিন ইকবাল, দিদারুল আলম চৌধুরী, আবদুল আহাদ, ডা: ফয়সল ইকবাল চৌধুরী, মো: শহীদুল আলম ও জহরলাল হাজারী।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.