সিটি নিউজঃ আগামীকাল হরতালেও সারাদেশে যানবাহন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি। আগামীকাল (২৮ মার্চ) হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম। তবে এতে গাড়ি চলাচলে কোন ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছে চট্টগ্রাম পরিবহন মালিক সমিতি।
শনিবার (২৭ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম পরিবহন মালিক সমিতির নেতারা।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ সময় সংবাদকে জানান, রবিবার ঢাকা থেকে সারা দেশে যান চলাচল স্বাভাবিক থাকবে। ঢাকা থেকে সব আন্তঃজেলা বাস যথা সময়ে ছাড়বে। সব বাস মালিকদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হেফাজতের হরতাল বাস চলাচলে কোনও প্রভাব ফেলবে না বলেও জানান তিনি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বেলাল বলেন, গাড়ি অবশ্যই চলবে। মৌলবাদী অপশক্তিকে আমরা শক্ত হাতে রুখে দেবো।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. মূছা বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমাদের পরিবহন চলাচল স্বাভাবিক থাকবে।
হরতালে গাড়ি চলাচলে কোন ধরনের প্রভাব পড়বে না। গাড়ি স্বাভাবিক নিয়মেই চলবে।
সিটি নিউজ/ডিটি
