সিটিনিউজবিডি : সিলেটে শিশু সামিউল আলম রাজন (১৩) হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধার আদালতে রবিবার দুপুর পৌনে ১২টায় মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার সাক্ষ্য দেওয়া শুরু করেন।
এর সময় আদালতে উপস্থিত করা হয় সৌদি আরব থেকে ফেরত আনা কামরুল ইসলামসহ ১১ আসামিকে।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, দুপুর পৌনে ১২টা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের পর শুনানিসহ সব প্রক্রিয়া শেষে এ মাসেই বহুল আলোচিত এই মামলার রায় হতে পারে বলে তিনি আশা করছেন। এর আগে আলোচিত এ মামলায় ৯ কার্যদিবসে ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন।
গত ৮ জুলাই ভোরে চোর অপবাদ দিয়ে সিলেট সদর উপজেলার বাদেআলী গ্রামের আজিজুর রহমানের ছেলে শেখ সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় তাকে নির্যাতনের দৃশ্য ধারণ করে ঘাতকরা ইন্টারনেটে ছেড়ে দেয়। এ ঘটনায় দেশব্যাপী ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
