চট্টগ্রামের বাকলিয়া থানার বগার বিল এলাকায় আগুনে পুড়েছে পাঁচটি দোকান।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি স্ক্র্যাপের দোকান থেকে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি দোকান পুড়ে যায়।
চন্দনপুরা ফায়ার স্টেশনের ডিউটি অফিসার মোহাম্মদ সাইফ জানান, আগুনে একটি স্টিলের মালামালের দোকান ও একটি ভাঙারির দোকান পুড়ে গেছে। ভোর ৫টার দিকে ভাঙারি দোকানে সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ফায়ার ফাইটাররা প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করে।
