নগরের পাঁচলাইশ থানা এলাকায় এক যুবককে গান গাইতে গাইতে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায়, খুঁটির সঙ্গে বেঁধে এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হচ্ছে। ভিডিওতে দেখা যায়, যুবককে বেঁধে রেখে আশেপাশের লোকজন “মধু হই হই আঁরে বিষ খাওয়াইলা” গান গাইছিল। পরে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঘটনাটি গত ১৩ আগস্টের। ওই সময় থানায় পর্যাপ্ত পুলিশ না থাকায় দুর্বৃত্তরা এ সুযোগ নেয়। ১৪ আগস্ট রাতে নগরের প্রবর্তক এলাকা থেকে মো. শাহাদাত হোসেন (২৪) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহাদাতের চাচা বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন।
নিহত শাহাদাত নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বাসিন্দা ছিলেন।
