বদির বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য ২ ডিসেম্বর

0

সিটিনিউজবিডি: অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজার-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদির বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দারের আদলতে বুধবার মামলার বাদী দুদকের উপ-পরিচালক মো. আব্দুস সোবহানের জবানবন্দী রেকর্ড শেষ হয়। বাদীর সাক্ষ্যপ্রদানের জন্য নতুন এ দিন ধার্য করেন বিচারক। এর আগে ১৮ নভেম্বর মামলার বাদী মো. আব্দুস সোবহান আংশিক সাক্ষ্যপ্রদান করেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, আব্দুর রহমান বদি জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেন। এ ছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যে সম্পদ ক্রয় দেখিয়ে এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখানোর অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. আব্দুস সোবহান রমনা থানায় ২০১৪ সালের ২১ আগস্ট মামলাটি দায়ের করেন।

২০১৫ সালের ৭ মে দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ আদালতে বদির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দার তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.