১১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘অনিল বাগচীর একদিন’

0

বিনোদন ডেস্ক :: কথাসাহিত্যের জাদুকর হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে মোরশেদুল ইসলামের চলচ্চিত্র ‘অনিল বাগচীর একদিন’ মুক্তি পাবে ১১ ডিসেম্বর। ওইদিন ঢাকার স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার থিয়েটার ছাড়াও নগরীর মধুমিতা, বলাকা, শ্যামলী, মহান বিজয়ের মাসে ঢাকাসহ সারাদেশে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা মোরশেদুল ইসলাম।

চলচ্চিত্রটিতে অনিল বাগচীর চরিত্রে অভিনয় করেছেন নতুন অভিনেতা আরেফ সৈয়দ। ছবিতে আরও দেখা যাবে গাজী রাকায়েত, তৌফিক ইমন, জ্যোতিকা জ্যোতি, ফারহানা মিঠু, মিশা সওদাগর প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন সানি জুবায়ের।

চলচ্চিত্রটিতে দেখা যাবে, ২৬ বছরের যুবক অনিল বাগচী ছোটবেলা থেকেই ভীতু স্বভাবের। অনিল কাজ করে ঢাকায় একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে, থাকে মেসে। অনিলের স্কুলশিক্ষক বাবা ও একমাত্র বড় বোন অতসী থাকে রুপেশ্বর গ্রামে। মা মারা গেছে অনিলের জন্মের সময়েই।

অনিলের বড় বোন অতসী ভালোবাসে এক মুসলমান ছেলেকে, কিন্তু সেই ভালোবাসার কথা কাউকে প্রকাশ করতে পারে না। গোপনে ধারণ করে চলে হৃদয়ে। ১৯৭১ সালের মাঝামাঝি সময়। অবরুদ্ধ ঢাকা নগরী। এখানকার মানুষগুলোর দিন কাটে চরম উৎকণ্ঠায়। একদিন খুব ভোরে অনিল একটা চিঠি পায়। রুপেশ্বর হাইস্কুলের প্রধান শিক্ষক চিঠিতে জানান, অনিলের বাবাকে মিলিটারিরা মেরে ফেলেছে। বোন অতসী আছে হেডমাস্টারের বাসায়। এর পরেই গল্প বাঁক নেয়।

হুমায়ূন আহমেদের জন্মদিনে (১৩ নভেম্বর) ‘অনিল বাগচীর একদিন’ চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। প্রদর্শনীতে চলচ্চিত্রটির নির্মাতা মোরশেদুল ইসলাম, প্রযোজক আবুল খায়েরসহ মূল কলা-কুশলী ও অভিনয়-শিল্পীরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের ভাই জনপ্রিয় লেখক জাফর ইকবালসহ চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

হুমায়ূন আহমেদের প্রয়াণের পর তার কাহিনী থেকে এই প্রথম নির্মিত চলচ্চিত্র ‘অনিল বাগচীর একদিন’। সম্প্রতি চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয় কলম্বো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। পরবর্তী সময়ে চলচ্চিত্রটি থাইল্যান্ডের ব্যাংকক উৎসবে Asian Contemporary Official Selection বিভাগে প্রদর্শিত হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.