বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে রোমানিয়ান মডেল ও অভিনেত্রী লুলিয়া ভানতুরকে নিয়ে সালমান খানের বিয়ে নিয়ে গুঞ্জন ছড়ালেও তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। তবে মাঝে মধ্যেই তাদেরকে দেখা যায় একান্তে সময় কাটাতে। আবারো পাপারাজ্জিদের ক্যামেরাবন্দী হয়ে ধরা পড়লেন আলোচিত এই জুটি।
মঙ্গলবার রাতে লুলিয়ার সঙ্গে একই গাড়িতে ঘুরতে বেড়াতে বের হন সালমান। মুম্বাইয়ে বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের বাড়ি থেকে তাদেরকে বের হতে দেখা যায়। এরপরই পুরনো গুঞ্জন আবারো ডালপালা ছড়াতে শুরু করেছে। শিগগিরই নাকি কবুল বলতে চলেছেন ৪৯ বছর বয়সী বাজরাঙ্গি ভাইজান।
কবির খান পরিচালিত ‘এক থা টাইগার’ সিনেমার দৃশ্যধারণ চলাকালে ডাবলিনে লুলিয়ার সঙ্গে সালমানের প্রথম দেখা হয় বলে জানা যায়। তারপর তার প্রেমের সম্পর্কে জড়ান। গত অক্টোবরে তাদের বাগদানের খবর প্রচার করে ভারতের মিড ডে পত্রিকা।
তবে সে খবর স্রেফ গুজব বলেই উড়িয়ে দেন সালমানের ছোট বোন অর্পিতা খান শর্মা।
