চট্রগ্রাম অফিস :: চট্টগ্রামে দশ পৌরসভায় নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী প্রার্র্থীদের মধ্যে সোমবার প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গত ৯ তারিখের পর থেকেই প্রতীক ছাড়াই নির্বাচনী প্রচারণা চালালেও এখন থেকে নিজ প্রতীক নিয়েই প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে যাওয়া মেয়রদের প্রতীক আগে থেকে নির্ধারিত হয়ে থাকলেও স্বতন্ত্র প্রার্থীরা প্রতীক দেয়া হয়েছে। সোমবার দুপুরের মধ্যেই বিভিন্ন উপজেলার স্বতন্ত্র মেয়র প্রার্থী, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছেন রির্টানিং কর্মকর্তারা।
এর আগে সকাল থেকেই আনন্দমুখর পরিবেশে দশ পৌরসভা নির্বাচনের প্রার্থীরা নিজের পছন্দের প্রতীক পাওয়ার জন্য উপজেলার নির্বাহী অফিসের রিটার্নিং কর্মকর্তারা কার্যালয়ে ভিড় করেন প্রার্থীরা।
চন্দনাইশ উপজেলার নির্বাহী অফিসার সনজিদা শরমিন জানান, সকাল থেকেই দুপুর বারটা পর্যন্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট প্রতীকগুলোই তাদের বরাদ্দ করা হয়েছে।
এখন প্রার্থীদের প্রতীক বরাদ্দের তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে। সেখান থেকে ব্যালট তৈরির কাজ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
সীতাকুন্ড উপজেলার নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভূইয়া বলেন, দুপুর সাড়ে বারটার দিকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
“সীতাকুন্ড পৌরসভার মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী তাওহিদুল হক চৌধুরীকে মোবাইল ফোন, মো. শফিউল আলমকে নারিকেল গাছ ও সিরাজ-উল-দৌলাকে জগ প্রতীক দেয়া হয়েছে। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরদের মধ্যেও প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে, জানান নাজমুল ইসলাম ভূইয়া।
নির্বাচন কমিশন সূত্রে, রাজনৈতিক দলের পৌরসভা নির্বাচনের বিধিমালা অনুযায়ী নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মনোনিত মেয়র প্রার্থীদের জন্য মোট ৪০টি প্রতীক নির্ধারণ করা হয়েছে। এছাড়া মেয়রপদে স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১২টি প্রতীক, সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচনের ১০টি ও সাধারণ আসনের জন্য ১২টি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর প্রথম পর্যায়ে দেশের ২৩৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
