বিনোদন ডেস্ক :: অনেক তো হলো, এবার বাগদানপর্বটা সেরে ফেলাই ভালো। অনেকদিন থেকেই হয়তো এমনটা চাইছেন রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের অনুরাগীরা। আর চাইবেন নাই বা কেন। দীপিকার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর ক্যাটরিনার সঙ্গে লিভ টুগেদার করছেন। কিন্তু দীপিকা কিছুতেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলছেন না।
তবে এবার মনে হচ্ছে, সিদ্ধান্ত বদলেছে তাঁর। রণবীর সিং বা দীপিকা পাড়ুকোন কখনই তাঁদের সম্পর্কের কথা সর্বসমক্ষে স্বীকার করেননি। আবার অস্বীকারও করেননি কখনও। রণবীর অনেক সময়ই এমন কিছু কথা বলেছেন বা কাজ করেছেন, যাতে স্পষ্ট যে দীপিকার জন্য তিনি যথেষ্ট দুর্বল। কিন্তু দীপিকার দিক থেকে কখনও কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। অতীতের সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে অনেক সচেতন দীপিকা। বয়ফ্রেন্ডের কথা জানানোর আগে দশবার ভাবেন। কিন্তু রণবীর নিজেকে আটকাতে পারেননি অনেকসময়েই।
ফলে, তাঁর আর দীপিকার সম্পর্কের কথা খবরে এসেছে বারবার। তবে এবার মনে হচ্ছে, এসবের দিন শেষ। এতদিন যে ঢাকঢাক গুড়গুড় চলছিল, তার অবসান হতে চলেছে। সূত্রের খবর, রণবীর-দীপিকা নাকি অফিশিয়ালি তাঁদের সম্পর্কের কথা স্বীকার করতে চলেছেন এই ফেব্রুয়ারিতেই। তাঁরা নাকি তখন আংটি বদল পর্ব সেরে ফেলবেন। অফিশিয়ালি এনগেজ হবেন রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন। কিন্তু, এ নিয়ে দীপিকা বা রণবীর এখনও কিছু জানাননি। তাঁদের পরিবারের পক্ষ থেকেও কিছু জানা যায়নি।
