বিনোদন ডেস্ক : ‘সার্কভুক্ত দেশগুলোর পণ্য আমদানি-রফতানি চুক্তি-২০১২ ‘সাফটা’র আওতায় ভারতে রফতানি হচ্ছে বাংলাদেশের ‘ছুঁয়ে দিলে মন’।
ভারতের কলকাতা, আসাম ও ত্রিপুরার প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আরেফিন শুভ ও জাকিয়া বারী মম অভিনীত গত বছরের আলোচিত চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’। সব ঠিক থাকলে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে সেখানকার দর্শকরা দেখতে পারবেন বলে জানান ছবিটির পরিচালক শিহাব শাহীন।
তিনি জানান, ‘মুম্বাই থেকে গত বছরের ৪ ডিসেম্বর ছাড়পত্র হাতে পেয়েছি। ৫ ফেব্রুয়ারি ছবিটি ভারতে মুক্তির প্রস্তুতি চলছে এখন। কলকাতা, আসাম ও ত্রিপুরার ৩০টির মতো বাছাইকৃত প্রেক্ষাগৃহে চলবে এটি। কলকাতায় ছবিটি পরিবেশনার দায়িত্বে রয়েছে পিয়ালি ফিল্মস। মুক্তির ব্যাপারে সহায়তা করছে জিরনা ইন্টারন্যাশনাল।’ এশিয়াটিক ধ্বনিচিত্র লিমিটেড ও মনফড়িং প্রযোজিত ছবিটিতে শুভ ও মম ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ প্রমুখ।
গত বছরের এপ্রিল মাসে দেশে মুক্তি পায় বছরের অন্যতম সফল এ ছবিটি। ‘সাফটা’র আওতায় ‘ছুঁয়ে দিলে মন’-এর বিনিময়ে ভারত থেকে বাংলাদেশে আসছে কলকাতার ছবি ‘বেলা শেষে’। এটিও সম্প্রতি ছাড়পত্র পেয়েছে বাংলাদেশের সেন্সর বোর্ড থেকে।
