ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

0

বিনোদন ডেস্ক : ‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি’ স্লোগান নিয়ে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে চতুর্দশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবে বাংলাদেশসহ ৬০টি দেশের ১৮৪টি চলচ্চিত্র দেখানো হবে। উৎসব চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তন, সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, ধানমণ্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও আমেরিকান ইএমকে সেন্টার মিলনায়তনে উৎসবের চলচ্চিত্রগুলো দেখানো হবে।

আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে নয়দিনের এই উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। প্রখ্যাত সিরীয় চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ মালাস ও নরওয়ের চলচ্চিত্র নির্মাতা আনিয়া ব্রেইন মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করে অনুষ্ঠান উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। স্বাগত বক্তব্য রাখবেন রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি ও উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে বাংলাদেশের নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’।

উৎসব উপলক্ষে গতকাল বুধবার ঢাকা ক্লাবের গেস্ট হাউস রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উৎসবের বিস্তারিত কর্মসূচি জানান উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাবন্ধিক মফিদুল হক, কবি ও স্থপতি রবিউল হুসাইন, নাট্যজন ম হামিদ, চলচ্চিত্র নির্মাতা হায়দার রিজভী ও সামিয়া জামান, সহকারী অধ্যাপক ইশরাত খান বর্ষা, আইএফআইসি ব্যাংকের ডিএমডি শাহ মোহাম্মদ মঈনুদ্দীন।

এই উৎসব আয়োজনের কো-স্পন্সর আইএফআইসি ব্যাংক লিমিটেড। আয়োজন সহযোগিতায় রয়েছে নরওয়েজিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইন হাগুসান্ড, রিলপোর্ট-জার্মানি, ইএমকে সেন্টার, আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউ ল্যাব)। উৎ?সবের মিডিয়া পার্টনার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই এবং নিউজ পার্টনার হিসেবে রয়েছে একাত্তর টিভি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.