সেরার পুরস্কার জিতেছেন রণবীর-দীপিকা

0

বিনোদন ডেস্ক : ফিল্মফেয়ার পুরস্কারের আসরের আলোকোজ্জ্বল সন্ধ্যার মুহূর্তগুলো ছিল টান টান উত্তেজনার। কিন্তু এই উত্তেজনা চরমে পৌঁছেছিল সেরা অভিনেতা আর সেরা অভিনেত্রীর পুরস্কার ঘোষণার ঠিক সেই ক্ষণটিতে, যখন নাম ঘোষণা করা হচ্ছিল। সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে ফিল্মফেয়ারের সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

ব্রিটানিয়া ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের এবারের আসরে অবশ্য আগে থেকেই ‘বাজিরাও’ ছবিটির সাফল্যের কারণে এমন একটা ধারণা অধিকাংশেরই ছিল যে রণবীর ও দীপিকাই এবার সেরা অভিনেতা আর সেরা অভিনেত্রীর পুরস্কার পেতে যাচ্ছেন। কিন্তু দীপিকা পাড়ুকোন সবাইকে চমকে দিয়েছেন ‘পিকু’ ছবিটির কারণে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে।

অবশ্য রণবীর সিং সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে পেশওয়া বাজিরাওয়ের চরিত্রে তাঁর অনবদ্য অভিনয়ের কারণে।

সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে নিয়ে দীপিকা বলেন, ‘এই পুরস্কার আমি আমার মা-বাবাকে উৎসর্গ করছি।’ এ সময় দীপিকা তাঁর বাবার লেখা একটি চিঠিও পড়ে শোনান। চিঠি পড়ার সময় দীপিকার কণ্ঠ আবেগে ভারী হয়ে আসছিল। মঞ্চে উঠে দীপিকা ‘পিকু’ নির্মাতা সুজিত সরকারকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে মঞ্চে উঠে পুরস্কার হাতে নেওয়ার আগে রণবীর সিং তাঁর প্রেমিকা দীপিকার বাবা-মায়ের পা ছুঁয়ে সালাম করেন। আর মঞ্চে উঠে পুরস্কার হাতে নিয়ে এই তারকা অভিনেতা বরাবরের মতোই তাঁর বোনকে উদ্দেশ করে বলেন, ‘আমার ‘‘দ্বিতীয় মা’’ তোমাকে ধন্যবাদ।’

এবারের ফিল্মফেয়ার পুরস্কারের আসরে সেরা নির্মাতা বা পরিচালকের পুরস্কার জিতেছেন নির্মাতা সঞ্জয় লীলা বনশালী। আর তাঁর ‘বাজিরাও মাস্তানি’ ছবিটি ‘বেস্ট অ্যাকশন’-এর পুরস্কার থেকে শুরু করে ‘বেস্ট কস্টিউম’, বেস্ট প্রোডাকশন ডিজাইন এমনকি সেরা গায়কের পুরস্কারও জিতে নিয়েছে। টাইমস অব ইন্ডিয়া।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.