বিনোদন ডেস্ক : রহস্যময় এক অন্ধ ভিক্ষুক। আয়নাল ফকির নামেই তিনি পরিচিত। এখন বলুনতো এই আয়নাল ফকিরটা কে। আয়নাল ফকির বাস্তবে তিনি একজন জনপ্রিয় অভিনেতা। তিনি আর কেউ নন তিনি ফজলুর রহমান বাবু।
প্রসূন রহমান পরিচালিত ‘ঢাকা ড্রিম’ ছবিতে ‘আয়নাল ফকির’ চরিত্রে অভিনয় করছেন বাবু। প্রসূন রহমান বলেন, ‘ছবির গল্পে আয়নাল ফকির একজন সূত্রধর।
‘আয়নাল ফকির’ চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘আমার তো সব ধরনের ছবি করা হয় না। এ কারণে ছবিতে কাজ করার প্রস্তাব তেমন পাই না। তবে ইদানীং পরপর কয়েকটি কাজের প্রস্তাব পেয়েছি। আমি যে ধরনের কাজ করতে চাই, চরিত্রগুলো ঠিক তেমনই।’ টানা ৩ দিন মানিকগঞ্জে ‘ঢাকা ড্রিম’ ছবির শুটিং থেকে গত শনিবার ঢাকায় ফিরে বাবু জানান, ‘কাজ করে দারুণ লাগছে। গল্পটি অসাধারণ। এমন একটি গল্প নিয়ে চলচ্চিত্র হতে পারে, ভাবতেই পারিনি।’
প্রত্যন্ত অঞ্চল থেকে জীবিকার প্রয়োজনে ঢাকার পথে পাড়ি জমানো কিছু প্রান্তিক মানুষের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘ঢাকা ড্রিম’ ছবিটি। ছবিটিতে দেখা যাবে, প্রথমবারের মতো ঢাকার উদ্দেশে যাত্রা করা নানা পেশার কিছু মানুষের ঢাকায় আসার পেছনের কারণ আর যাত্রার দিনের অন্য রকম এক ভ্রমণ অভিজ্ঞতার গল্প। এদের মধ্যে আছে অন্ধ ভিক্ষুক, রিকশাচালক, নরসুন্দর, স্বামী পরিত্যক্তা নারী, যৌনকর্মী, ছাত্র, স্বল্প শিক্ষিত বেকার, খুনি, বাদাম বিক্রেতা, টেলিভিশনের রিয়েলিটি শোতে সুযোগ পাওয়া একজন প্রতিযোগী ও নদীভাঙনে গৃহহারা একটি পরিবার।
ফজলুর রহমান বাবু ছাড়াও এ ছবিতে আরো অভিনয় করছেন নওশাবা, শাহাদাত হোসেনসহ আরো অনেকে। ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করছেন কুমার বিশ্বজিৎ। এরই মধ্যে দুটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী ও মমতাজ।
