সবজি বিক্রেতাকে হত্যায় ৩ জনের ফাঁসি

0

সিটিনিউজবিডি: প্রায় দুই যুগ আগে রংপুরের পীরগাছায় নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে আবু বক্কর সিদ্দিক নামে এক সবজি বিক্রেতাকে হত্যা করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় তিনজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালের ২ অক্টোবর রাতে রংপুরের পীরগাছা উপজেলার ছোট কল্যানি গ্রামের আজিম উদ্দিনের ছেলে সবজিবিক্রেতা আবু বকর সিদ্দিককে (৪০) বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের আব্দুস সাত্তার, নূর মোহাম্মদ, আব্দুল ও ফরহাদ হোসেন। পরের দিন আবু বকর সিদ্দিকের মরদেহ নিজ বাড়ির পাশে একটি ধানক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনায় নিহত আবু বকর সিদ্দিকের বাবা আজিম উদ্দিন বাদী হয়ে পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি তদন্ত করে কোনো সাক্ষ্যপ্রমাণ না পাওয়ার কথা উল্লেখ করে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। পরে মামলার বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। দীর্ঘ ১০ বছর তদন্ত শেষে ২০০৩ সালের ৯ আগস্ট সিআইডি চার আসামির নামে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলায় ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার দুপুরে আসামি নূর মোহাম্মদ, আব্দুল ও ফরহাদ হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ এবং অপর আসামি আব্দুস সাত্তারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। জরিমানা দিতে ব্যর্থ হলে তাকে আরও ছয় মাস সশ্রম কারাভোগ করতে হবে বলেও রায়ে উল্লেখ করা হয়।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
সরকারপক্ষের অ্যাডভোকেট (এপিপি) ফারুক মোহাম্মদ রেজাউল করিম রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী আব্দুর রহমান বলেন, আসামিরা ন্যায় বিচার পাননি। এই আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.