বিনোদন : বেশ কিছুদিন ধরেই বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও হলিউডের ‘ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস’ তারকা ভিন ডিজেলের নতুন ছবি ‘এক্স এক্স এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ নিয়ে সরগরম ছিল। প্রথমদিকে বিষয়টি নিয়ে খানিক দ্বিধা-দ্বন্দ্ব থাকলেও কিছুদিন আগে ভিন ডিজেলের সঙ্গে হলিউডের ছবিতে তাঁর অভিনয়ের বিষয়টি স্পষ্ট করেছিলেন দীপিকা পাড়ুকোনই।
দেখতে দেখতে সে ছবির শুটিংও শুরু হয়ে গেল। সম্প্রতি শুটিং শুরু হওয়ার পরপর এই ছবির কাজ শুরুর প্রথম ফটোগ্রাফটি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছেন ‘এক্স এক্স এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির অভিনেতা ভিন। ছবিতে দেখা যাচ্ছে দীপিকা পাড়ুকোনকে পেছন থেকে দুহাতে জড়িয়ে ধরে রেখেছেন ভিন।
ইনস্টাগ্রামে এ ছবি পোস্ট করে ভিন ডিজেল লিখেছেন, ‘শুটিংয়ের প্রথম দিন…জ্যান্ডার ও সেরেনা।’ ভিন তাঁর ভক্তদের ধন্যবাদ আর ভালোবাসাও জানিয়েছেন এই পোস্টে।
এদিকে, দীপিকা পাড়ুকোনের আরও একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছেন ‘এক্স এক্স এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ নির্মাতা ডি জে কারুসো। কারুসো তাঁর পোস্টে দীপিকার প্রশংসা করে লিখেছেন, ‘অসাধারণ।’
