আন্তর্জাতিক ডেস্কঃ জাঠ বিদ্রোহের জের ধরে হরিয়ানার মুখ্যমন্ত্রীসহ তিন মন্ত্রীকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। তারা সেখানে ভারতের এক কেন্দ্রীয়মন্ত্ররী সঙ্গে বৈঠক করবেন বলে এনডিটিভি জানিয়েছে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ওই বিদ্রোহে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই শতাধিক মানুষ।
জাঠ বিদ্রোহের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী এমএল খাত্তার, কৃষিমন্ত্রী ধনকার ও অর্থমন্ত্রী ক্যাপ্টেন অভিমন্যুকে দিল্লিতে তলব করেছে মোদি সরকার। তারা সেখানে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডুর সঙ্গে বৈঠকে করবেন বলে জানা গেছে। সরকারি চাকরি ও শিক্ষা ক্ষেত্রে তাদের অন্যান্য অনগ্রসর শ্রেণির তালিকাভুক্ত করার দাবিতে চলতি মাসের ১৪ ফেব্রুয়ারি থেকে সহিংস আন্দোলন শুরু করেছিল জাঠ সম্প্রদায়।
তাদের অসন্তোষের কারণ খতিয়ে দেখতে রোববার রাতে কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডুর নেতৃত্বে পাঁচ সদস্যের এক কমিটি গঠন করেছে দিল্লি সরকার। এরপর সোমবার থেকেই হরিয়ানা রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। যদিও বিক্ষোভকারী এখনো রাজ্যের কিছু প্রধান সড়ক অবরোধ করে রেখেছে। তারা নিজেদের দাবি পূরণে রাজ্য সরকারের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি না পেলে ঘরে ফিরবে না বলেও জানিয়ে দিয়েছে।
এদিকে নতুন কোনো সহিংসতা না হওয়ায় কিছু এলাকা থেকে কারফিউ তুলে নেয়া হয়েছে। তবে গোলযোগপূর্ণ রোহতক, সোনেপাত, বিহিওয়ানি ও রেওয়ারি জেলাগুলোতে এখনো কারফিউ বলবৎ রয়েছে। ওই চার জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো গত তিন দিন ধরে বন্ধ রয়েছে বলেও এনডিটিভি জানিয়েছে।
