সেই ক্ষুদে ভক্তকে মেসির জার্সি উপহার

0

খেলাধুলা: মুর্তজা নিজের প্রিয় তারকা ফুটবলার মেসির সাক্ষাত না পেলেও তার স্বাক্ষর করা আর্জেন্টিনার জার্সি ঠিকই পেয়ে গেছে। মেসির ক্ষুদে ভক্ত আফগানিস্তানের মুর্তজা আহমাদি একমাস আগে টুইটারে বেশ হইচই ফেলে দিয়েছিল। সাদা ও নীল ডোরাকাটা প্লাস্টিকের ব্যাগ দিয়ে তৈরি আর্জেন্টিনার জার্সি পরে তার একটি ছবি টুইটারে প্রকাশের পর পুরো বিশ্বেই এটি সাড়া ফেলে দেয়। জার্সিটির পেছনে কালি দিয়ে লেখা ছিল ‘মেসি ১০’। জার্সি কেনার মত সামর্থ্য ছিল না বলে বড় ভাই হুমায়ুন তাকে প্লাস্টিকের ব্যাগ দিয়ে সেই নকল জার্সিটি তৈরি করে দেয়।

পরে খবরটি ছড়িয়ে পড়লে তা ফুটবলের ক্ষুদে জাদুকর মেসির চোখেও পড়ে। তখন তিনি এই শিশুটির জন্য কিছু করার কথা জানান। এমনকী তিনি দেখাও করতে চান মুর্তজার সাথে। তবে ব্যস্ততা ও পারিপার্শ্বিক অবস্থার কারণে তা আর সম্ভব হয়ে ওঠেনি।

কিন্তু মেসি তার ক্ষুদে ভক্তকে হতাশ করেননি। তিনি আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের মাধ্যমে মুর্তজাকে নিজের স্বাক্ষর করা জার্সি পাঠিয়েছেন। আর ইউনিসেফ আফিগানিস্তানের সহায়তায় তা মুর্তজার পরিবারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। শুধু মুর্তজার জন্যই না, তার পরিবারের জন্যও অতিরিক্ত কয়েকটি জার্সিও দিয়েছেন মেসি।
প্রিয় তারকার সত্যিকারের জার্সি পেয়ে পাঁচ বছরের মুর্তজাও ভীষণ খুশি। দেখা না পেলেও অটোগ্রাফ করা জার্সি তো পেয়েছে। জার্সি গায়ে সে মেসির ভঙ্গিতে উদযাপনও শুরু করে দিয়েছে। জার্সি পেয়ে আপ্লুত মুর্তজা বলেছে, ‘আমি মেসিকে ভালোবাসি। আর এই জার্সিতে লেখা আছে মেসিও আমাকে ভালোবাসে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.