বিচার বিভাগ নিয়ে মন্তব্য : ফখরুলের বিষয়ে আদেশ কিছুক্ষণের মধ্যে

0

ঢাকা : বিচার বিভাগ নিয়ে মন্তব্যের ব্যাখা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হলফ নামা গ্রহণ করেছেন আপিল বিভাগ। এ বিষয়ে আজ বেলা সাড়ে ১১টায় আদেশ দেবেন আদালত।

আজ আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সঙ্গে ছিলেন সগীর হোসেন লিওন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গতকাল রোববার দুপুরের দিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিসে উপস্থিত হয়ে রেজিস্ট্রার জেনারেল অফিসে হলফ নামায় স্বাক্ষর করেন মির্জা ফখরুল। এসময় মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী সগীর হোসেন লিওন।

এর আগেও তিনি গত ২২ ফেব্রুয়ারি হলফনামায় স্বাক্ষর করেছিলেন। কিন্তু আপিল বিভাগ আবারো নতুন করে হলফ নামা চাওয়ায় তিনি গতকাল রোববার সুপ্রিম কোর্টে এসে স্বাক্ষর করেন।

এদিকে, গত ১৮ ফেব্রুয়ারি বিচার বিভাগ নিয়ে বক্তব্যের জন্য ফখরুলের কাছে ব্যাখ্যা চান সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২৯ ফেব্রুয়ারির মধ্যে লিখিতভাবে এ ব্যাখ্যা আদালতে দাখিল করতে বলা হয়েছিল।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি সিলেট জেলা ও মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেছিলেন, ‘গণতন্ত্রের সব প্রতিষ্ঠানকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দেয়া হয়েছে। দেশে গণতন্ত্র নেই, বিচার বিভাগেরও স্বাধীনতা নেই।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.