চুয়েটে স্নাতক পর্যায়ের শিক্ষা বিভাগ বন্ধ ঘোষণা

চুয়েট প্রতিনিধি : রাউজানের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) বন্ধ । সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনে বিশ্ববিদ্যালয়টির স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন ।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বিকাল তিনটার মধ্যে ছাত্রদের এবং শুক্রবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

সকাল সাড়ে ১০টায় জরুরি সভায় চুয়েট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত চুয়েটের স্নাতক পর্যায়ের পরীক্ষাসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। সভায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট এবং রেজিস্ট্রার প্রমুখ।

গত ২৯ মার্চ (মঙ্গলবার) চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মদুনাঘাটে লেগুনা উল্টে গিয়ে নিহত হন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মোহাইমিনুল। এরপর ক্লাস-পরীক্ষা বর্জন করে আট দফা দাবিতে টানা আন্দোলন করছিলো শিক্ষার্থীরা। এসময় তারা শিক্ষা কার্যক্রমে যোগদান না করে বিশ্ববিদ্যালয়ের পরিচালকের (ছাত্রকল্যাণ) পদত্যাগসহ আট দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী অব্যাহত রাখে।

শিক্ষার্থীদের দাবি গুলো হল- ঘাতক লেগুনা চালককে আটক, চট্টগ্রাম-কাপ্তাই সড়কে লেগুনা চলাচল বন্ধ করা, নিউমার্কেট থেকে চুয়েট পর্যন্ত বাস সার্ভিস চালু করা, অনিবন্ধিত সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ করা, রাস্তার মাথা থেকে চুয়েট পর্যন্ত স্পিড ব্রেকার নির্মাণ করা, এই রুটে প্রতি পাঁচ কিলোমিটারে একটি করে ট্রাফিক চেকপোস্ট স্থাপন, রাস্তার সম্প্রসারণ ও সংস্কারকরণ এবং চুয়েট মেডিকেল সেন্টারের সামনে সার্বক্ষণিকভাবে দুইটি এ্যাম্বুলেন্স রাখা ও ব্যক্তিগত কাজে এ্যাম্বুলেন্স ব্যবহার বন্ধ করা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.