ঢাকা : গাজীপুরের কাশিমপুর কারাগারের অবসর প্রস্তুতিকালীন ছুটিতে থাকা কারারক্ষী রুস্তম আলী হাওলাদারকে গুলি করে হত্যা করার ঘটনায় মামলা হয়েছে।
গতকাল সোমবার রাতে কারারক্ষীর স্ত্রী নাসরীন আক্তার ওই মামলা দায়ের করেছেন। এর মধ্যে নাম উল্লেখ করে চারজনকে ও অজ্ঞাত চারজনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম হিমেল আহমেদ (২৫)। তিনি উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান মামলা করার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গতকাল বেলা ১১টার দিকে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে থাকা কারা সার্জেন্ট ইনস্ট্রাক্টর রুস্তম আলী হাওলাদারকে (৬০) কারাগারের প্রধান ফটক থেকে ২৫০ গজ দূরে গুলি করে হত্যা করা হয়। ঘটনার সময় তিনি একটি ওষুধের দোকানের সামনে বসে ছিলেন।

Comments are closed.