নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে এস আলম গ্রুপ রিফাইন্ড চিনি বিক্রি করছে প্রতিকেজি ৪৫ টাকায়। চট্টগ্রাম নগরীর ১০টি পয়েন্টে ন্যায্যমূল্যে একমাস ব্যাপী এ কার্যক্রম চলবে। আজ (০৭ জুন) মঙ্গলবার দুপুরে নগরীর জেল রোডের আনসার ক্লাবের সামনে ন্যায্যমূল্যে চিনি বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক মেয়র নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
মহিউদ্দিন চৌধুরী বলেন, রমজানে বিভিন্ন পদের ইফতার, শরবত, জুস তৈরিতে প্রচুর চিনি লাগে। আর দ্রব্যমূল্য সঠিক রাখার জন্য এস আলম গ্রুপ ন্যায্যমূল্যে ৪৫ টাকা কেজি দরে চিনি বিক্রির উদ্যোগ নিয়েছে। এক সময় ৩২ টাকায় চিনি বিক্রি হতো। এখন ৩৫ টাকায় লবণ বিক্রি হচ্ছে। চিনি বিদেশ থেকে আমদানি করতে হয়। লবণ দেশেই চাষ হয়। তাজ্জব ব্যাপার। এস আলম গ্রুপের যিনি প্রধান তিনি পেছনে থেকে মানুষের উপকারের চেষ্টা করেন। আজও উপস্থিত হননি। আমি আশা করবো, এক সপ্তাহ পর থেকে এস আলম গ্রুপ ন্যায্যমূল্যে বিক্রিতে কেজি প্রতি আরও দুই টাকা কমিয়ে দেবে।
তিনি আরো বলেন, এখানে চেম্বার আছে, বিরাট বিল্ডিং আছে। খাতুনগঞ্জ আছে, ছগীর ভাই আছেন। মাহবুব ভাই আছেন। আপনারা উদ্যোগ নিন। আমদানিকারকদের সঙ্গে বসে ছোলা যাতে কম দামে খেতে পারে সেই ব্যবস্থা নিন। ছোলার দাম বেশি এবার। রমজান মাসে ইফতার, তারাবির সময় লোডশেডিং বন্ধ রাখার এবং ওয়াসাকে পর্যা্প্ত পানি সরবরাহের দাবি জানান তিনি। ওয়াসা প্রসঙ্গে তিনি বলেন, ‘পাইপ আছে কিন্তু পানি নঅ আইয়ের। আঁরা পানি নঅ পাইর।’ অর্থাৎ পানির লাইন আছে কিন্তু পানি আসছে না। আমরা পানি পাচ্ছি না।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাভু, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ, মীর গ্রুপের চেয়ারম্যান আবদুস সালাম, এস আলম গ্রুপের হেড অব করপোরেট হুমায়ুন কবির, বকশির হাট ওয়ার্ডের কাউন্সিলর হাজি নুরুল হক, আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী, ব্যবসায়ী জানে আলম, জাহাঙ্গীর আলম, রাজু কুমার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত হন রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল।

Comments are closed.