নিজস্ব প্রতিবেদক : বন্দর নগরীর চট্টগ্রামে পাহাড়তলী থানার সরাইপাড়ায় বাজার থেকে গরুর মাংস কিনে না আনায় অভিমান করে জোহরা বেগম (২৫) নামে এক স্ত্রী আত্মহত্যা করেছে। আজ (১২ জুলাই) মঙ্গলবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, জোহরা কুমিল্লার মুরাদনগর থানার বড় আলীর চর এলাকার মো. আলমের স্ত্রী। স্বামী-স্ত্রী দুজনই স্থানীয় মামস গার্মেন্টসে চাকরি করেন। গত জানুয়ারিতে তাদের বিয়ে হয়। এরপর থেকে তারা সরাইপাড়া লোহারপুল এলাকার চৌধুরী মসজিদের পাশে লিয়াকত আলীর বাসায় ভাড়া থাকতেন। জোহরা তার স্বামীকে বাজার থেকে গরুর মাংস আনতে বলেন। এরপর দুপুরে স্বামী ফিরলে গরুর মাংস কিনে না আনার ব্যাপারে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী ঘরের বাইরে গেলে স্ত্রী দরজায় ছিটকিনি আটকে দেন। এরপর গলায় ওড়না পেঁচিয়ে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।
পরে ওসি রনজিতের নেতৃত্বে একদল পুলিশ এসে দরজা ভেঙে জোহরার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি রনজিত।

Comments are closed.