খেলাধুলা : অবশেষে ঠিক হলো টাইগারদের ভারত সফরের সময়সূচি। আগামী ফেব্রুয়ারিতে ভারতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি অনুরাগ ঠাকুর বুধবার জানিয়েছেন, ভারতের মাঠে বাংলাদেশের একমাত্র টেস্টের সময় ঠিক হয়েছে ৮ থেকে ১২ ফেব্রুয়ারি, হায়দরাবাদে।
এর আগে ২০০০ সালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের। এরপর ভারত বাংলাদেশে বেশ কয়েকটি সিরিজ খেলে গেলেও ভারতে সিরিজ খেলার জন্য বাংলাদেশ কখনো আমন্ত্রণ পায়নি। এমনকি টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর একমাত্র ভারতেই কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে পারেনি বাংলাদেশ। সে হতাশা ঘোচানোর কথা ছিল এ বছর আগস্টেই। কিন্তু সময়সূচির ঝামেলার কারণে ভারত সেটি পিছিয়ে দেয়।
পূর্ব নির্ধারিত ওই একমাত্র ম্যাচটি ২০১৭ সালের ফেব্রুয়ারিতে হবে জানা গেলেও তার তারিখ তখনো নিশ্চিত হয়নি। বুধবার অনুরাগ ঠাকুর বলেন, একটি শীর্ষ টেস্টখেলুড়ে দল হিসেবে আমাদের দায়িত্ব সবাইকে সমান সুযোগ দেয়া। তাই আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি, আগামী বছরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক টেস্টটি আয়োজিত হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান বলেছেন, ভারতে টেস্ট খেলার জন্য আমাদের অনেক দিনের অপেক্ষা শেষ হলো। এখন সময় উদ্যাপনের। মাত্র একটি টেস্ট আয়োজন আক্ষেপের কারণ হতে পারে। বিসিসিআইয়ের ‘সমান সুযোগে’র বিবৃতিটাকে প্রশ্নবিদ্ধও করতে পারে। তবে যাইহোক, অন্তত শুরুটা তো হচ্ছে! এটাই এখনকার মত আশার দিক।
