বিনোদন : সংসার চালাতে কত কিছুই না করতে হয় মানুষকে। আর সেই সংসার চালাতে এবার থালা হাতে পথে ভিক্ষা করতে বসতে হয়েছে অভিনেতা সজলকে। এরই ধারাবাহিকতায় এবারে হাজির হলেন সজল।
তবে বাস্তবে নয়, নাটকে। অভিনয়ের খাতিরে একজন অভিনেতাকে সব পেশাজীবীর ভূমিকাই ধারণ করতে হয়। নতুন টেলিছবি ‘রূপের গন্ধে অন্ধ চাতক’-এর কাহিনিসূত্রে জানা গেছে, রূপবতী স্ত্রীকে চোখে দেখেননি তিনি। ভিক্ষা করে জমানো টাকায় চোখের চিকিৎসা হবে, তিনি দেখবেন তাঁর স্ত্রীকে। বস্তির ভাঙাচোরা ঘরে সজল ও মৌসুমীর সংসার। সজলের চরিত্রটির নাম আয়নাল, তাঁর স্ত্রী মৌসুমীর চরিত্র সকি। বস্তির পুরুষদের লোলুপ দৃষ্টি পড়ে আয়নালের রূপবতী স্ত্রীর ওপর।
এক পর্যায়ে সজলের রূপবতী স্ত্রী সকি বস্তির আজগরের কুনজরে পড়ে। আজগরের ভালোবাসার ফাঁদে পড়ে সকি। তাঁর সঙ্গে বাড়ি থেকে পালায়। টাকার বিনিময়ে আজগর তাঁকে তুলে দেয় অন্য পুরুষের হাতে। কষ্ট পেয়ে সকি আগুনে পুড়িয়ে দেয় নিজের মুখ।
টেলিছবির গল্প লিখেছেন ইউসুফ আলী, পরিচালনা করেছেন তাসলিমা মুক্তা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে টেলিছবিটি দেখা যাবে মাছরাঙা টেলিভিশনে।
