চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও থানা পুলিশ আট হাজার পিস ইয়াবাসহ মো. জাহেদ (১৯) ও মো. রাব্বিকে (২১) গ্রেফতার করেছে। সোমবার (৮ আগস্ট) সকালে খাজা রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাস্তার পাশে অপেক্ষমাণ একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তিনি জানান, আসামিরা কক্সবাজার থেকে ট্রাকের পেছনে অতিরিক্ত চাকার সঙ্গে বিশেষ কৌশলে একটি বাক্সের ভেতর ইয়াবাগুলো লুকিয়ে নিয়ে আসছিল। দুই আসামির বাড়ি কুমিল্লা সদরে। ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
