সিটিনিউজবিডি : বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের প্রেক্ষাপটে ডিএমপি বিধিমালার বৈধতা নিয়ে রিট আবেদনের রায় হবে ১৭ আগস্ট। এ বিষয়ে দেয়া রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাই কোর্ট বেঞ্চ রায়ের এ দিন ঠিক করে দেয়।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বলেন, ঢাকা মহানগর পুলিশ (নির্দেশনা ও নিয়ন্ত্রণ) বিধিমালার ৪ (খ) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের রিট আবেদনের প্রেক্ষিতে রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। হাই কোর্ট ১৭ আগস্ট রায়ের জন্য দিন রেখেছে।
ঢাকার বিভিন্ন বাড়িতে জঙ্গি ও সন্ত্রাসীদের আস্তানা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়ার পর গত বছর নভেম্বরে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কাজ শুরু করে মহানগর পুলিশ। এভাবে ব্যক্তিগত তথ্য চাওয়ার মতো কোনো আইনি সুযোগ পুলিশের নেই দাবি করে তথ্য সংগ্রহের কার্যক্রম বন্ধে মার্চে একটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
ডিএমপি রুলস-২০০৬ অনুসারে সন্ত্রাস দমনে মহানগর পুলিশ ‘যে কোনো’ পদক্ষেপ নিতে পারে- এই যুক্তিতে হাই কোর্টের একটি বেঞ্চ ১৩ মার্চ ওই রিট খারিজ করে দেয়।
অপরদিকে ২০০৬ সালের ১৯ অক্টোবর জারি হওয়া ঢাকা মহানগর পুলিশ (নির্দেশনা ও নিয়ন্ত্রণ) বিধিমালার ৪ (খ) বিধির বৈধতা চ্যালেঞ্জ করে গত ২০ মার্চ আরেকটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা, এস এম এনামুল হক ও সুপ্রকাশ দত্ত।
প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চ ২৭ মার্চ রুল দেয়।
ঢাকা মহানগর পুলিশ (নির্দেশনা ও নিয়ন্ত্রণ) বিধিমালার ৪ (খ) ধারায় যুক্ত ‘যে কোনো’ শব্দটি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না- তা জানতে চাওয়া হয় রুলে।
পুলিশ বিধিমালার ৪ (খ) ধারায় বলা হয়েছে, জনসাধারণের শান্তি বিঘ্নকারী যে কোনো উদ্যোগ প্রতিহতকরণসহ শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার স্বার্থে ‘দ্রুত যে কোনো’ পদক্ষেপ গ্রহণ করা যাবে। ওই ধারা সংবিধানের ২৬, ২৭, ৩২ ও ৪৩ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে রিট আবেদনটি করা হয় ।
