অনলাইন ডেস্ক : দেশে বন্যাকবলিত ১৯ জেলায় ডায়রিয়াসহ নানা রোগব্যাধিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে নানা রোগব্যাধিতে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য অধিদফতরের ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহের কম সময়ে (২৫ জুলাই থেকে ৭ আগস্ট) ডায়রিয়া ও তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণে (এআরআই) পাঁচ হাজারেরও বেশি নারী, পুরুষ ও শিশু আক্রান্ত হয়েছে। এর মধ্যে ডায়রিয়ায় ৩ হাজার ৮৯৭ এবং এআরআইয়ে ১ হাজার ৪৮৩ জন। এছাড়া এ সময়ে পানিতে ডুবে ও সাপের কামড়ে মৃত্যু হয়েছে ৯৬ জনের। জামালপুর জেলায় সর্বোচ্চসংখ্যক মৃত্যু হয় ৩০ জন।
সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় ৪১৫ জন, এআরআইয়ে ১৯৫, চর্মরোগে ৩০৬, চোখের প্রদাহে ১১৯, আঘাতপ্রাপ্ত হয়ে ২৭ ও অন্যান্য রোগে ৩২৩ জনসহ ১ হাজার ৪২৩ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া পানিতে ডুবে মারা গেছে চারজন।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বর্তমানে বন্যা আক্রান্ত জেলাগুলো হলো- নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, সুনামগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, কুষ্টিয়া, টাঙ্গাইল, ঢাকা, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, মাদারীপুর ও চাঁদপুর।
এসব এলাকায় বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এসব এলাকায় বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে।
