সিটিনিউজবিডি : সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা-এমডিজি অর্জনে এনজিওসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি অর্জনেও সরকারের পাশাপাশি এনজিও সমূহ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন স্ব-শাসিত প্রতিষ্ঠান বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ বাংলাদেশের সমাজ উন্নয়ন কার্যক্রমে নিয়োজিত বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাসমূহকে বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়ন কার্যক্রমে আর্থিক ও কারিগরী সহযোগিতা প্রদান করে থাকে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন- বিএনএফ’র সহযোগিতায় এনজিওসমূহ দেশব্যাপী তৃণমূল পর্যায়ে করে যাচ্ছে এবং টেকসই সামাজিক উন্নয়নসহ তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটি দেশের উন্নয়ন রূপকল্প বাস্তবায়নে সরকারের অগ্রণী ভূমিকার পাশাপাশি সহায়ক হাত হিসেবে এনজিওসমূহ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। উন্নয়নের রোড ম্যাপ হিসেবে সরকার ভিশন ২০২১ এবং ২০৪১ ঘোষণা করেছে। এ উদ্যোগের সফল বাস্তবায়নে সরকারের পাশাপাশি এনজিওসহ সকল শ্রেণী-পেশার মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
সকলের সম্মিলিত প্রয়াসেই আমরা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হব এবং অচিরেই বাংলাদেশ প্রত্যাশিত মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এনজিওসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের আর্থ বিএনএফ’র সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব চন্দ্রনাথ বসাক চট্টগ্রামে কর্মরত বিএনএফ’র সহযোগী সংস্থার প্রধানদের সাথে মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত মতামত প্রদান করেন। ইপসা’র পরিচালক (সমাজ উন্নয়ন কার্যক্রম) মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনএফ’র ব্যবস্থাপনা পরিচালক চন্দ্রনাথ বসাক। ইপসা’র প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপসা’র পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী।
সভায় বিএনএফ’র সহযোগী সংস্থার পক্ষ থেকে বক্তব্য রাখেন সমতা’র সভানেত্রী মোমেনা আক্তার নয়ন, চন্দনাইশ সোসাইটির শামসুল আলম টগর, উপকূল’র মোহাম্মদ জোবায়ের ফারুক, নারী জাগরণ সংস্থা’র বেগম পারভিন আকতার, বর্ণালী’র ওমর ফারুক, সংশপ্তক’র লিটন চৌধুরী, পার্ক’র মোহাম্মদ আলউদ্দিন, ফাতেমা পল্লী-শিক্ষা-স্বাস্থ্য কেন্দ্র’র ফারহানা আক্তার, গণ উন্নয়ন প্রচেষ্ঠা’র অঞ্জন প্রসাদ বড়ুয়া প্রমূখ। সভায় চট্টগ্রামে কর্মরত বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ’র সহযোগি সংস্থা সমূহের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিএনএফ’র সহযোগিতায় সমাজ উন্নয়ন কার্যক্রমগুলোর বিভিন্ন দিক এবং সফলতা তুলে ধরেন এবং বিএনএফ’র সহযোগিতা ভবিষ্যতেও চলমান রাখার আহবান জানান। সভাশেষে ব্যবস্থাপনা পরিচালক চন্দ্রনাথ বসাক ইপসা, বর্ণালী, পার্ক ও নারী জাগরণ সংস্থার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
