মো: দেলোয়ার হোসেন, চন্দনাইশ প্রতিনিধি : আজ ২৫ আগস্ট থেকে সপ্তাহব্যাপী দক্ষিণ চট্টগ্রামে ৭ উপজেলার ৩টি পৌরসভা ও ৪টি উপজেলায় সাংগঠনিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রাক্তন মন্ত্রী আলহাজ্ব ড. কর্নেল (অব:) অলি আহমদ বীর বিক্রম। এ লক্ষ্যে তিনি গতকাল ২৪ আগস্ট বিমানযোগে বিকালে চট্টগ্রামে এসে সরাসরি চন্দনাইশ গ্রামের বাড়ীতে অবস্থান করবেন বলে জানান।
সংক্ষিপ্ত সাক্ষাৎকারে কর্নেল অলি বলেছেন, দলকে সংগঠিত করার জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা হতে সম্মেলন কার্যক্রম শুরু করেছেন তিনি। তিনি মনে করেন দেশকে জঙ্গিবাদ এবং সন্ত্রাসমুক্ত করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। ঐক্যবদ্ধ করার লক্ষ্যে জনগণের স্বত্বঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অবাধ, সুষ্ঠু এবং দল নিরপেক্ষ মধ্যবর্তী নির্বাচনের কোন বিকল্প নেই। জনগণ আজ দিশেহারা, লক্ষ্যহীন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সরকারি বাহিনীর হাতে লাঞ্ছিত হওয়ার কারণে অসহায় ও নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছে। এ ধরনের অবস্থা দেশকে আরো ধ্বংসের দিকে ঠেলে দেবে। জনগণের অংশগ্রহণ ছাড়া কখনও সরকার দেশ পরিচালনায় সফল হতে পারে না। অহংকার মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, অহংকার আল্লাহর পরিধেয় বস্ত্র। সত্যকে স্বীকার করা, পরাজয় বরণ করা নয়, বরং মহত্বের লক্ষণ। সরকারকে দেশের মানুষের মনোভাব বুঝতে হবে। বর্তমানে সরকারকে কত শতাংশ মানুষ সমর্থন করে সেটা উপলব্ধি করতে হবে। গায়ের জোরে দেশ চালানো যায় না। অনেক মন্ত্রীরা ক্ষমতা হারানোর ভয়ে মধ্যবর্তী নির্বাচনকে ভয় পাচ্ছে।
দলসে সুসংগঠিত করতে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা ও পৌরসভা এলডিপির সম্মেলন আজ ২৫ আগস্ট চন্দনাইশ সদরস্থ আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। আগামী ২৭ আগস্ট দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদলের কর্মী সম্মেলন একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। তাছাড়া ২৮ আগস্ট পটিয়া উপজেলা ও পৌরসভা এলডিপির সম্মেলন পটিয়াস্থ কর্ণফুলী কমিউনিটি সেন্টারে, ২৯ আগস্ট লোহাগাড়া এলডিপির সম্মেলন লোহাগাড়া সদরস্থ সিটি সেন্টার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। এ সকল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রাক্তন মন্ত্রী আলহাজ্ব ড. কর্নেল (অব:) অলি আহমদ বীর বিক্রম।
২০০৬ সালের ৬ অক্টোবর কর্নেল অলি বিএনপি থেকে বেরিয়ে এলডিপি প্রতিষ্ঠা করেছিলেন। সে সময় সিলেকশনের মাধ্যমে কমিটি গঠন করার দীর্ঘ দশ বছর পর সম্মেলনের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামে সাংগঠনিক সফরের মধ্য দিয়ে তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠনের পদক্ষেপ নিলেন। এতে করে প্রতিটি উপজেলায় প্রতিটি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে বলে জানা যায়। বিশেষ করে কর্নেল অলির নিজ উপজেলা চন্দনাইশে উপজেলা এলডিপি’র সভাপতি পদে সাবেক চেয়ারম্যান যথাক্রমে মোতাহের মিয়া ও সিরাজ আহমদ; সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আলহাজ্ব আকতার আলম, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, দলের বর্তমান সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবিদুর রহমান বাবুল। অপরদিকে পৌরসভা এলডিপিতে সভাপতি পদে সামান্ত গ্রুপের চেয়ারম্যান বর্তমান কমিটির আহ্বায়ক আলহাজ্ব এম আইনুল কবিরের কোন প্রতিদ্বন্দ্বি না থাকলেও সাধারণ সম্পাদক পদে মো. মহিউদ্দিন ও আকতার উদ্দিন সহ একাধিক প্রার্থী রয়েছে বলে জানা যায়।
