সিটিনিউজবিডি : দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা মারা গেছে। আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রিশা অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
সুরাইয়া আক্তার রিশা উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী । ছুরির আঘাতে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সে মারা যায়। গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পরীক্ষা শেষে স্কুল থেকে বেরিয়ে ওই ছাত্রী রাস্তার ওপারে যাওয়ার জন্য পদচারী-সেতুতে ওঠে। পদচারী-সেতুর মাঝামাঝি পৌঁছালে এক যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ছাত্রীটির চিৎকারে স্কুলের শিক্ষার্থীরা ও কয়েকজন অভিভাবক ছুটে আসে। এরপর তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার দিন হাসপাতালে মেয়েটির মা জানিয়েছিলেন, তিনি ও তাঁর মেয়ে ইস্টার্ন মল্লিকা মার্কেটের একটি দরজির দোকান থেকে সালোয়ার-কামিজ বানাতেন। যোগাযোগের জন্য তাঁর মুঠোফোন নম্বর রেখেছিলেন ওই দোকানের কর্মচারীরা। ওই নম্বরে ফোন করে দোকানের কর্মচারী ওবায়েদ তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি জানতে পেরে তিনি মুঠোফোন নম্বরটি বন্ধ করে দেন। এরপর থেকে তাঁর মেয়েকে ওবায়েদ স্কুলের সামনে উত্ত্যক্ত করছিলেন বলে তিনি শুনেছেন। তাঁর সন্দেহ, ওবায়েদই তাঁর মেয়েকে হত্যার জন্য ছুরিকাঘাত করেছেন।
পরে রিশার মা ওবায়েদকে আসামি করে মামলা করেন। তবে দোকানটির মালিক দাবি করেছেন, ওবায়েদ আড়াই মাস আগে চাকরি ছেড়ে চলে গেছেন।
এদিকে রিশার মৃত্যুর খবর স্কুলে ছড়িয়ে পড়লে স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। তারা এ হত্যার প্রতিবাদে ও অপরাধীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা কাকরাইল মোড় অবরোধ করে। এ সময় মোড়ের চারদিকের রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, মূল আসামি ওবায়েদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর শিক্ষার্থীদের বুঝিয়ে স্কুলে ফেরত পাঠানো হয়েছে।
