সিলেটে চোরাকারবারিদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ, অস্ত্রসহ আটক ১

0

সিটিনিউজবিডি : সিলেটে ‘ভারতীয় অস্ত্র চোরাকারবারিদের’ সঙ্গে বন্দুকযুদ্ধের খবর দিয়েছে পুলিশ; এ ঘটনায় অস্ত্রসহ একজন আটক হয়েছে।

সোমবার ভোরে উপজেলার খাসিয়া অধ্যুষিত সংগ্রামপুঞ্জির ভারতীয় সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন।

আটক স্টালিন পারিয়াং (৩২) সংগ্রামপুঞ্জি এলাকার জহিলং কংওয়ানের ছেলে।

ওসি বলেন, স্টালিনসহ ভারতীয় কিছু চোরা কারবারি বাংলাদেশে এসে অস্ত্র বিক্রি করে এমন খবরের ভিত্তিতে সোমবার ভোরে সংগ্রামপুঞ্জি এলাকায় অভিযান চালায় পুলিশ।

এ সময় পুলিশকে লক্ষ করে গুলি চালায় সন্ত্রাসীরা। পুলিশ পাল্টা ১৮ রাউন্ড গুলি ছোড়ে। ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে পুলিশের বাধার মুখে সন্ত্রাসীরা ভারতের দিকে পালিয়ে যায়।

বন্দুকযুদ্ধের সময় একপর্যায়ে স্টালিনকে আটক করে পুলিশ।

ওসি বলেন, স্টালিন ভারতীয় উগ্রপন্থী সংগঠনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তারা বিভিন্ন সময় বাংলাদেশে এনে অস্ত্র বিক্রি করে বলে অভিযোগ রয়েছে।

বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, একটি কাটা রাইফেল, একটি বন্দুক, ২৩ রাউন্ড গুলি, দুটি রামদা, একটি ছুরি ও তিনটি খাসিয়া দা উদ্ধার করে বলে জানান ওসি দেলোয়ার।

বন্দুকযুদ্ধে পাঁচ পুলিশ আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলেও তিনি জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.