জুবায়ের সিদ্দিকী : চট্টগ্রাম মহানগরীর আবাসিক এলাকায় প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ অভিযান শুরু করেছে সিডিএ। খুলশীতে আবাসিক এলাকায় গতকাল এই অভিযান চালানো হয়। এসময় কয়েকটি ভবনে থাকা বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নিতে সময় বেধে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া ৩টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট খিন ওয়ান নু। এসময় আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলায় ইমপালস্ প্রপার্টিজ লিমিটেডকে ৫০ হাজার টাকা, হিল টপ ইন নামের একটি গেষ্ট হাউজের মালিক মামুনুর রহমানকে ২০ হাজার টাকা ও জাবেদ আলম নামের এক রেষ্টুরেন্ট মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সিডিএ’র সূত্রমতে, আবাসিক ভবনের অনুমোদন নিয়ে রেষ্টুরেন্ট, হোটেল, গেষ্ট হাউস, বিপনী কেন্দ্র, বাণিজ্যিক অফিস, স্কুল-কলেজ গড়ে তোলার প্রবণতা বাড়ছে। এ অবস্থায় সিডিএ যথাযথ ব্যবস্থা নিচ্ছে।
এ বিভাগের আরও খবর
