সিটিনিউজবিডি : নগরীর ইপিজেড থানাধীন কর্ণফুলী ইপিজেডের একটি পোশাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ২০জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
শিল্প পুলিশ চট্টগ্রামের ভারপ্রাপ্ত পরিচালক তোফায়েল আহমদ জানিয়েছেন, লিজেন্ড টেক্সটাইল নামক বাংলাদেশী মালিকানাধীন গার্মেন্টস কারখানা দেনার দায়ে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়, এর প্রতিবাদে শ্রমিকরা ইপিজেডের প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করতে চাইলে বিমান বন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিতে চাইলে সংঘর্ষ শুরু হয়, শ্রমিকদের ইট-পাটকেলের আঘাতে কয়েকজন পুলিশ আহত হয়, অতিরিক্ত পুলিশ গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে বিমান বন্দর সড়কে যান চলাচল শুরু হয়, উল্লেখ করেন তিনি।
তোফায়েল আহমদ আরো বলেন, শ্রমিকরা কারখানা চালু রাখার দাবি জানিয়ে আসছিলো, মালিক -পক্ষ আগষ্ট মাসের বেতন ও আসন্ন ঈদের বোনাস ও অনান্য পাওনা মিটিয়ে কারখানাটির সাময়িক বন্ধ ঘোষণা করে।
এদিকে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের উপ কমিশনার হারুন অর রশিদ হাজারী জানিয়েছেন, বেপজা‘র মধ্যস্থতায় মালিক পক্ষের সাথে শ্রমিকদের বৈঠকে সমঝোতার ভিত্তিতে কারখানা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিলো, কারখানা চুড়ান্তভাবে বন্ধ ঘোষণা করা কিংবা চালু রাখার বিষয়ে ঈদুল আযহার পর জানানো হবে বলে সিদ্ধান্ত হয়।
এরমধ্যে শ্রমিকরা ইপিজেডের গেইটে জড়ো হয়ে বিক্ষোভ করতে চাইলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়া হয়, উল্লেখ করেন তিনি।
