মো: দেলোয়ার হোসেন, চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রেন থেকে আনুমানিক ৩৩ বছরের এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে। আজ ৩০ আগস্ট মঙলবার বেলা ১১ টায় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সূত্রে খবর পেয়ে আনুমানিক ৩৩ বছর বয়সের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
থানা অফিসার ইনচার্জ শেখ নেয়ামত উল্লাহ জানান, গত ২৯ আগস্ট রাতে কে বা কারা এ অজ্ঞাত ব্যক্তিকে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসার জন্য ভর্তি করে। গত সোমবার রাতে সবার অগোচরে আহত ব্যক্তি হাসপাতালের বেড থেকে বেরিয়ে যায়। সকালে স্থানীয় লোকজন এবং ডাক্তারেরা হাসপাতাল সংলগ্ন ড্রেনে এ অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে চন্দনাইশ থানায় একটি অপমৃত্যু রেকর্ড করা হয়েছে বলে জানা যায়।
