চট্টগ্রাম অফিস : নগরীকে ক্লিন ও গ্রীণ সিটি হিসেবে গড়ে তোলার জন্য চাঁটগাবাসীর মেয়র আ জ ম নাছির উদ্দিনকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবে। দুর্নীতিবাজ কোন আমলার সাথে চট্টগ্রামের মানুষ কখনোই আপোষ করবে না এবং কোন ষড়যন্ত্র নগর উন্নয়নের এই অগ্রযাত্রায় বাধার সৃষ্টি করতে পারবে না। ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ প্রাক্তন ছাত্র নেতৃবৃন্দ ৯০-৯৩ এর উদ্যোগে আয়োজিত মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
চট্টগ্রাম নগর উন্নয়ন বরাদ্দের বিপরীতে ৫ শতাংশ ঘুষ দাবীর প্রতিবাদ এবং অভিযুক্ত যুগ্ম সচিবের অপসারণ দাবীতে গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ৯০-৯৩ সেশন ছাত্রলীগ ও ছাত্র সংসদ নেতৃবৃন্দ উক্ত মানব বন্ধন ও প্রতিবাদ সমোবেশের আয়োজন করে। কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শামসুল হুদা মিন্টুর সভাপতিত্বে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল এবং যুগ্ম সম্পাদক নগর যুবলীগ নেতা শাশ্বত চৌধুরী লিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। বিশেষ অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় যুবলীগ সদস্য রফিউল হায়দার রফি। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক নগর ছাত্রলীগ নেতা সাইফুল আলম, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, আরশাদ হোসেন আসাদ, জিএস আবু হেনা ফারুকী, সহ সভাপতি আবদুল জলিল, মাকছুদুল আলম, নগর যুবলীগ নেতা জাবেদুল আলম সুমন, রোমেল, তপন দাস গুপ্ত, মনোজ পাল, লিটন দেব, আবু তাহের, কায়ছার উদ্দিন, পলাশ দেব প্রমুখ।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত চট্টগ্রাম উন্নয়ন বরাদ্দের যথাযথ বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রশাসন আগামীতে আন্তরিকভাবে কাজ করবে। অন্যথায় চট্টগ্রামের আপামর জনসাধারণকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
