অনলাইন ডেক্স : পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) দেশটির উত্তরাঞ্চলে চলাচলাকারী বিমানের রোববারের সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরিতে ১৮ ভারতীয় সেনা নিহতের ঘ্টনায় দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনার মধ্যে এ ঘোষণা এলো।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার গিলগিট, স্কারদু এবং কাবুলের আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল পুনঃনির্ধারণ করায় এ ঘোষণা দেয়া হয়েছে।
বিগত চার দিনের মধ্যে সিএএ কোনো ধরনের কারণ উল্লেখ না করেই দ্বিতীয়বারের মতো উত্তরাঞ্চলের ফ্লাইট বাতিল করলো। সর্বশেষ গত বুধবার ফ্লাইট বাতিল করা হয়েছিল।
এদিকে পিআইএ মুখপাত্র দানাল গিলানি ডন অনলাইনকে ফ্লাইটের সময় সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন।
নতুন সূচি অনুযায়ী, ইসলামাবাদ-গিলগিট ফ্লাইট (পিকে ৬০৭) স্থানীয় সময় অনুযায়ী ভোর ৫টা ১৫ মিনিটে এবং গিলগিট-ইসলামাবাদ ফ্লাইট (পিকে ৬০৮) সকাল ৭টায় ছেড়ে যাবে।
ইসলামাবাদ-স্কারদু ফ্লাইট (পিকে ৪৫১) ভোর সোয়া ৫টা এবং স্কারদু-ইসলামাবাদ ফ্লাইট (পিকে ৪৫২) সকাল ৭টায় বিমানবন্দর ত্যাগ করবে।
আর ইসলামাবাদ-কাবুল ফ্লাইট (পিকে ২৪৯) সকাল ৮টা ৫০ মিনিটে এবং কাবুল-ইসলামাবাদ ফ্লাইট বেলা পৌনে ১১টায় ছেড়ে যাবে।
এই সময় সূচি শুধুমাত্র এক দিনের জন্য বহাল থাকবে বলেও জানিয়েছেন এই মুখপাত্র।
