জেমসের জন্মদিন আজ

0

সিটিনিউজবিডি : জনপ্রিয় ব্যান্ডতারকা ও ব্যান্ডদল নগর বাউলের অন্যতম সদস্য মাহফুজ আনাম ওরফে জেমসের আজ জন্মদিন।

এবারে ৫২ বছরে পা দিলেন কিংবদন্তিতুল্য এই রকস্টার। ১৯৬৪ সালের এই দিনে নওগাঁয় জন্মগ্রহন করেন জেমস, কিন্তু তার বেড়ে ওঠা চট্টগ্রামে। শুধু দেশে নয়, আর্ন্তজাতিক পরিমণ্ডলে ব্যাপক জনপ্রিয় নগরবাউল ব্যান্ডের এই তারকা। বাংলা গানের পাশাপাশি হিন্দি গানে কণ্ঠ দিয়েও জয় করেছেন লক্ষ ভক্ত শ্রোতার হৃদয়।

জেমসের বাবা ছিলেন একজন সরকারি কর্মচারি, যিনি পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরিবারের অমতেই সংগীত চর্চা শুরু করেন জেমস। একসময় তিনি সংগীতের নেশায় ঘর ছেড়ে পালিয়ে যান। চট্টগ্রামের আজিজ বোর্ডিং নামক একটি বোর্ডিং-এ তিনি থাকতে শুরু করেন। সেখানে থেকেই তার সংগীতের ক্যারিয়ার শুরু হয়।

১৯৮০ সালে প্রতিষ্ঠা করেন ‘ফিলিংস’ নামক একটি ব্যান্ড। জেমস নিজেই ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও ভোকালিস্ট ছিলেন। ১৯৮৭ সালে তার প্রথম অ্যালবাম ‘ষ্টেশন রোড’ প্রকাশ পায়। যদিও অ্যালবামটি সে সময়ের শ্রোতাদের গান শোনার রুচির সাথে একটু ভিন্ন মেজাজের হওয়ায় জনপ্রিয়তা পায়নি। পরে ১৯৮৮ সালে ‘অনন্যা’ নামের অ্যালবাম রিলিজ করে সুপার হিট হয়ে যান জেমস। এরপর ১৯৯০ সালে ‘জেল থেকে বলছি’, ১৯৯৬ ‘নগর বাউল’, ১৯৯৮ সালে ‘লেইস ফিতা লেইস’, ১৯৯৯ সালে ‘কালেকশন অফ ফিলিংস’ অ্যালবাম গুলো ফিলিংস ব্যান্ড থেকে বের হয়।

এছাড়াও জেমসের অন্যান্য অ্যালবামগুলো হল নগর বাউল থেকে ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলি’। একক অ্যালবাম ‘অনন্যা’, ‘পালাবি কোথায়’, ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘ঠিক আছে বন্ধু’, ‘আমি তোমাদেরই লোক’, ‘জনতা এক্সপ্রেস’, ‘তুফান’, ‘কাল যমুনা’ । এরপর তিনি চলচ্চিত্রে প্লেব্যাক করেও সফল হয়েছেন। পাশাপাশি বলিউডের ছবিতে গান গেয়েও পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। বর্তমানে দেশ-বিদেশে স্টেজ শো ব্যস্ত জেমস।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.