তথ্য ও প্রযুক্তি : বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ওয়াসফিয়া নাজরীন। সম্প্রতি গ্রামীণফোনের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন তিনি। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টসহ সাতটি মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আরোহী বাংলাদেশের একমাত্র নারী ওয়াসফিয়া।
গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর ওয়াসফিয়া বলেন, গ্রামীণফোন সেবার মাধ্যমে বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করেছে এবং তাদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গ্রামীণফোন মানুষকে বহুদূর যেতে ও তাদের স্বপ্নের পেছনে ছুটতে অনুপ্রাণিত করছে। আমার বহুদূরের যাত্রা কেবল শুরু হয়েছে। আমার যেমন একটি লক্ষ্য রয়েছে, তেমনি ব্র্যান্ড হিসেবে গ্রামীণফোনেরও লক্ষ্য রয়েছে উৎকর্ষে পৌঁছানোর।
২০১১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৪০তম বার্ষিকী উদযাপন এবং এই সময়ে সকল ক্ষেত্রে নারীর অগ্রযাত্রাকে সম্মান জানাতে ওয়াসফিয়া তার মহাকাব্যিক অভিযাত্রা শুরু করেন। ২০১৫-তে তিনি প্রথম ও একমাত্র বাঙালি হিসেবে সেভেন সামিট জয়ের দুর্লভ রেকর্ড করেন এবং বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচিত করে তোলেন।
উল্লেখ্য, ২০১৬ সালে ন্যাশনাল জিওগ্রাফিক তাকে এমার্জিং এক্সপ্লোরার খেতাব দেয়। ন্যাশনাল জিওগ্রাফিকের ইতিহাসে প্রথম নারী হিসেবে তিনি একইসঙ্গে অভিযাত্রী ও এক্সপ্লোরার খেতাবধারী।
