মিরসরাই প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরে দ্রুতগামী শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় কাভার্ডভ্যান চালক নিহত হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটায় এই দুর্ঘটনা ঘটে। এসময় কাভার্ডভ্যান চালক মাসুদুর রহমান খোকন (৪৮) ঘটনাস্থলে মারা যায়। কাভার্ডভ্যানের হেলপারসহ ২ জন আহত হয়। আহতদের মাতৃকা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
নিহত খোকন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার যাত্রবাড়ী গ্রামের মজিবুর রহমানের পুত্র।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম জানান, সোমবার ভোরে ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি দ্রুতগামী বাস (যার নং ঢাকা মেট্রো চ ১৪-৩৯৬৮) ওভারটেক করতে গিয়ে একটি কাভার্ডভ্যানের (যার নং ট ১১-৭৮৪৫) সাথে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালক মারা যায়। বাস ও কাভার্ডভ্যান দুটি থানায় নিয়ে আসা হয়েছে।
