প্রবারণা পূর্ণিমার কারণে পাহাড়ে হরতাল পেছালো

0

মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : বৌদ্ধ ধর্মের অনুসারিদের পবিত্র প্রবারণা পূর্ণিমা ও ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ১৬ অক্টোবরের হরতাল পিছিয়ে ১৯ অক্টোবর বুধবার হরতালের তারিখ পুন:ঘোষণা করেছে পার্বত্য ৫ বাঙালী সংগঠন। নতুন তারিখ অনুসারে রাঙামাটি ও বান্দরবানে ১৯ অক্টোবর বুধবার এবং খাগড়াছড়িতে ২০ অক্টোবর বৃহস্পতিবার হরতাল পালিত হবে বলে জানানো হয়েছে।

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনীর প্রতিবাদে ও বান্দরবানের নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে দুই দফায় ৪৮ ঘন্টা হরতালের ডাক দিয়েছিলো পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণ পরিষদ এবং পার্বত্য বাঙালী ছাত্র ঐক্য পরিষদ নামের এই ৫ সংগঠন।

প্রথমদফায় গত বৃহস্পতিবার হরতাল পালিত হয়। কিন্তু পরবর্তী দফায় আগামী ১৬ অক্টোবর বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূণিমার কারণে হরতাল পেছানোর কথা জানিয়ে শুক্রবার রাতে দেয়া এক বিবৃতিতে সংগঠনগুলো স্মরণ করিয়ে দিয়েছে, এর আগে গত পবিত্র রমজানের সময় এবং জগদ্বাত্রী মেলার সময় পাহাড়ী আঞ্চলিক সংগঠনগুলো আটদিন হরতাল পালন করেছিলো। বিবৃতিতে, প্রত্যেক ধর্ম ও ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানানো হয়।

হরতাল আহ্বানকারি সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সম্প্রতি সংশোধিত হওয়ার পর জাতীয় সংসদে পাশ হওয়া পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের কারণে পার্বত্য এলাকায় বসবাসকারি বাঙালীরা নিজ ভূমি থেকে উচ্ছেদ হবে এবং কমিশনে বাঙালী প্রতিনিধিত্ব না থাকায় ন্যায়বিচার থেকেও বঞ্চিত হবেন তারা। সংগঠনগুলো একই সাথে সম্প্রতি বান্দরবান থেকে গ্রেফতার হওয়া তাদের নেতা আতিকুর রহমানের নি:শর্ত মুক্তি দাবি করেছে।

পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের সভাপতি সাব্বির আহম্মেদ হরতাল পেছানোর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বৌদ্ধ সম্প্রদায়ের অনুরোধে এবং তাদের প্রবারণা পূর্ণিমা পালনের সুবিধার্থেই এই হরতাল পেছানো হলো।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.