বিজ্ঞপ্তি ছাড়াই ঢাবিতে উত্তরপত্র পুনঃনিরীক্ষণ

0

সিটিনিউজবিডি : ভুলে ভরা প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা, ফল প্রকাশে বিলম্ব, ফলাফল দেখতে বিড়ম্বনা ও রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার পর এবার বিজ্ঞপ্তি ছাড়াই উত্তরপত্র পুনঃনিরীক্ষণের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ব্যবসায়ে শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

জানা গেছে, গত ৬ অক্টোবর (বৃহস্পতিবার) ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ডিন অফিসের নোটিশ বোর্ডে উত্তরপত্র পুনঃনিরীক্ষণ সংক্রান্ত কোনো তথ্য নেই। এছাড়া ফল প্রকাশের পর জনসংযোগ দফতর থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতেও উত্তরপত্র নিরীক্ষণের নিয়মাবলি ছিল না।

তবে ব্যবসায়ে অনুষদের ডিন অফিসের ভাষ্য অনুযায়ী, ফল প্রকাশের পর দিন থেকে পরবর্তীতে এক সপ্তাহ উত্তরপত্র পুনঃনিরীক্ষণের সময় ছিল। নির্দিষ্ট সময়ে ১১ জন শিক্ষার্থী তাদের ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছে। এখন নির্ধারিত সময় শেষ হয়ে গেছে।

ব্যবসায় অনুষদের ডিন ও ‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলামও বললেন একই কথা। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ফ্যাকাল্টিই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয় না। অভিযোগ থাকলে ডিন অফিসে নির্ধারিত ফরমে আবেদন করতে হয়। এবার মোট ১১ জন পরীক্ষার্থী আবেদন করেছে এবং তাদের উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়েছে।

অন্যদিকে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট উত্তরপত্র পুনঃনিরীক্ষণের নোটিশ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, কলা অনুষদের ডিন অফিসের নোটিশ বোর্ড ও জনসংযোগ দফতরসহ তিনটি দায়িত্বশীল শাখা থেকেই প্রকাশ করা হয়েছে।

ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি না দেয়ার প্রশ্নে ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, এটা অনলাইন ভর্তি কমিটির কাজ। তারা কেন দেয়নি তা তারা জানেন।

তবে অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক ড. হাসিবুর রশীদ জানান, অনুষদ থেকে বিজ্ঞপ্তি পাঠালে তারা শুধু ওয়েবসাইটে আপ করেন। তাদের বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষমতা নেই। কারো প্রশ্ন থাকলে সে ডিনের কাছে আবেদন করবে এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস।

সিদ্ধেশ্বরী গালর্স কলেজের ছাত্রী শারমিন সুলতানা জানান, তিনি মোট ৭০ নম্বর পেয়েছেন কিন্তু ইংরেজিতে ৯ দশমিক ৮৬ পাওয়ায় চান্স পাননি। ফলে উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করতে চেয়েছেন। কিন্তু এ সংক্রান্ত বিজ্ঞপ্তি না পেয়ে তিনি আবেদন করতে পারেননি।

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা। যদি অনাকাঙ্ক্ষিতভাবে প্রকাশ না করে থাকে; তাহলে কোনো ভর্তিচ্ছু আবেদন করতে চাইলে ডিন অফিসে আবেদন করতে পারবে। সময় শেষ হলেও বিশেষ বিবেচনায় তাদের উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করে দেয়া হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.